রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ জন। মারা গিয়েছেন একজন। গত একমাসে বিদেশ থেকে রাজ্যে এসেছেন অনেকেই। তাদের থেকেই মূলত রাজ্যে সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু যারা বাইরের রাজ্য থেকে রাজ্যে ফিরছেন তাদের থেকেও সংক্রমণের আশঙ্কা রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
পুরুলিয়া জেলার বহু মানুষ দেশের বিভিন্ন রাজ্যে থাকেন, সেখানে চাকরি করে জীবন নির্বাহ করেন। এবার পুরুলিয়া জেলার বিভিন্ন গ্রামে বাইরের রাজ্য থেকে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগে তাকে করোনা ভাইরাসের পরীক্ষা করতে হচ্ছে, তবেই গ্রামে ঢোকার ছাড়পত্র মিলবে বলে জানা গিয়েছে। উত্তম বাদ্যকর, যিনি রাজ্যের করোনা সংক্রান্ত সমস্ত নির্দেশিকা পালন করার জন্য পুরুলিয়াবাসীকে সচেতন করছেন। তিনি জানালেন, যারা বিদেশ থেকে বা ভিনরাজ্য থেকে জেলায় ফিরছেন তাঁদেরকে আগে চেক আপ করানো হচ্ছে তারপরই গ্রামে ঢুকতে দেওয়া হচ্ছে।
কংগ্রেস বিধায়ক উমাপদ বাউড়ি জানিয়েছেন, এই করোনা ভাইরাস নিয়ে মানুষের সচেতন হওয়া উচিত এবং ২১ দিন যাতে মানুষ লকডাউন পালন করেন তারও অনুরোধ করেছেন। তিনি আরও জানান, এমন অনেকেই আছেন যারা হয়ত করোনার জন্য প্রাথমিক চিকিৎসা পেয়েছেন, তারপর তারা সাধারণ মানুষের সংস্পর্শে চলে আসছেন, যেটা উচিত নয়। সেটা তাদেরকে বুঝতে হবে।





