আমেরিকার হিন্দু মন্দিরে ফের খালিস্তানি হামলা, মন্দিরের দেওয়ালে মোদী-বিরোধী ঘৃণামূলক স্লোগান

আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক হিন্দু মন্দিরে ফের হামলা খালিস্তানিদের। এই কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরের গায়ে ভারত-বিরোধী স্লোগান লিখে দিয়েছিল খালিস্তানিরা। আর এবার স্লোগানে ভরল হেওয়ার্ডের শেরাওয়ালি মন্দিরে। হিন্দু আমেরিকার ফাউন্ডেশনের তরফে এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে।  

বিকৃত মন্দিরের ছবি পোস্ট করেছে হিন্দু আমেরিকার ফাউন্ডেশনের। সোশ্যাল মিডিয়া পোস্টে তারা লিখেছে, “খালিস্তানপন্থী গ্রাফিতি হামলার মুখে উপকূল অঞ্চলের আরও এক হিন্দু মন্দির। ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দির হামলার মাত্র দুই সপ্তাহ পরই এবং একই এলাকার শিব দুর্গা মন্দিরে চুরির এক সপ্তাহ পর হেওয়ার্ডের বিজয় শেরাওয়ালি মন্দিরে একই ধরণের বিকৃতি করা হয়েছে। এইচএএফ মন্দিরের নেতাদের সঙ্গে যোগাযোগ করছে এবং আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্টের সিভিল জাস্টিস বিভাগের সঙগে যোগাযোগ করেছে”।

বিষয়টি স্থানীয় পুলিশ-প্রশাসনকে জানানো হয়েছে বলে খবর। এই ঘটনার প্রেক্ষিতে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন, আমেরিকার সমস্ত হিন্দু মন্দিরগুলিতে সিসিটিভি ক্যামেরা এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে। খালিস্তানি সমর্থকদের হুমকি ক্রমে দিনদিন বাড়ছে বিদেশের মাটিতে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার স্বামীনারায়ণ মন্দিরের গায়েও স্লোগান লিখে গ্রাফিতি বানিয়েছিল খালিস্তানিরা। মন্দিরের দেওয়ালে ভারত ও মোদী বিরোধী ঘৃণামূলক স্লোগান লেখা হয়েছিল। সেই ঘটনা প্রসঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, “চরমপন্থী, বিচ্ছিন্নতাবাদী এবং এই ধরনের শক্তিগুলিকে কোথাও জায়গা দেওয়া উচিত নয়। আমাদের কনস্যুলেট থেকে সেখানকার সরকার ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং এই বিষয়ে তদন্ত চলছে”।

উল্লেখ্য, এর আগেও আমেরিকা ও অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরে হামলা চালিয়েছে খালিস্তানিরা। গত বছর ব্রিসবেনে এক হিন্দু মন্দিরে খালিস্তানি গণভোটকে সমর্থন করার দাবী তুলে হুমকি ফোন করা হয়েছিল। যে ফোন করেছিল, সে নিজেকে পাকিস্তানি নাগরিক বলে পরিচয় দিয়েছিল। বলা হয়েছিল, তাদের দাবী না মানা হলে, ফল ভুগতে হবে।  

শুধু তাই-ই নয়, এর আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে তিনটি হিন্দু মন্দিরে ভাঙচুর করা হয়েছিল। এই মন্দিরগুলি হল- ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ চেতনা বা ইস্কনের মন্দির, মেলবোর্নের শ্রী শিব-বিষ্ণু মন্দির এবং স্বামীনারায়ণ মন্দির। খালিস্তানপন্থী গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছিল এই তিন মন্দিরের দেওয়ালই।

আরও অন্যান্য খবর