বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে, হুমকি জঙ্গি সংগঠনের, কলকাতার জাদুঘরে ছড়াল বোমাতঙ্ক, চলছে তল্লাশি

কলকাতার জাদুঘরে ছড়াল বোমাতঙ্ক। বোমা মেরে গোটা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিল স্বঘোষিত জঙ্গি সংগঠন। জানা গিয়েছে, কলকাতা পুলিশকে মেইল করে কলকাতার জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

কী মেইল এসেছে?

পুলিশ সূত্রে খবর, কলকাতা পুলিশের নিজস্ব ই-মেল আইডিতে একটি মেইল এসেছে। একটি জঙ্গি সংগঠনের তরফে পাঠানো হয়েছে মেইলটি। সংগঠনের নাম ‘টেরোরাইজার ১১১’। সেই ইমেলে দাবী করা হয়েছে, তারা নাকি একটি জঙ্গি সংগঠন। আর তারা কলকাতা জাদুঘরের নানান জায়গায় বোমা রেখেছে। তারা এও হুমকি দিয়েছে, তাদের নাম সংবাদমাধ্যমে না নিলে, অর্থাৎ তাদের প্রচারের আলোয় না আনলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে জাদুঘর।

এই ইমেল পাওয়া মাত্রই সক্রিয় হয়ে ওঠে পুলিশ। ইন্ডিয়ান মিউজিয়ামে ছুটে যান কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা। বম্ব স্কোয়াড উপস্থিত হয় সেখানে। ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তার দায়িত্বে এমনিতেই প্রচুর পুলিশ মোতায়েন করা থাকেই। তবে এই হুমকির পর আরও বাহিনী পাঠানো হয় সেখানে।  

পুলিশ সেখানে গিয়েই মিউজিয়াম খালি করে দেয়। দ্রুত বোমার সন্ধান চালাচ্ছে পুলিশ। গোটা জাদুঘরে চলছে চুলচেরা তল্লাশি। তবে পুলিশ প্রকাশ্যে বোমাতঙ্কের কথা মানছে না বলে খবর। পুলিশ জানাচ্ছে, একটি জরুরি অবস্থা তৈরি হওয়ার জেরে এই তল্লাশি চলছে।

RELATED Articles