‘প্রভাবশালী অভিযুক্তরা আর কতদিন এসএসকেএমে ভর্তি থাকবে’? হাসপাতালের থেকে রিপোর্ট চাইল হাইকোর্ট

এসএসকেএমে যেসমস্ত প্রভাবশালী অভিযুক্তরা ভর্তি রয়েছেন, তাদের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। কতজন প্রভাবশালী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে, আর কতদিন ভর্তি থাকবে তারা, সে সমস্ত রিপোর্ট হলফনামা আকারে পেশ করতে বলা হয়েছে হাসপাতালকে।  

সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলাতেই এসএসকেএমের ভূমিকা নিয়ে আদালতে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই এসএসকেএম হাসপাতাল নিয়ে জনস্বার্থ মামলাও করা হয়। মামলাকারী দাবী করেন যে নানান দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিরা আশ্রয় নিয়েছেন এসএসকেএমে। দীর্ঘদিন ধরে ভর্তি তারা হাসপাতালে।  

এই মামলার প্রেক্ষিতেই গতকাল, বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জানতে চান, কোন কোন প্রভাবশালী অভিযুক্ত ভর্তি রয়েছে বর্তমানে হাসপাতালে? কী ধরণের চিকিৎসা চলছে তাদের? আর কতদিন হাসপাতালে রাখা হবে তাদের? এই সব প্রশ্নের উত্তর হলফনামা আকারে আদালতে পেশ করতে বলা হয়েছে এসএসকেএম-কে।  

উল্লেখ্য, কোনও অভিযুক্ত যদি জেল থেকে হাসপাতালে ভর্তি হয়, তাহলে তারা সুস্থ হয়ে গেলে ফের জেলে পাঠানো হয় তাদের, এটাই নিয়ম। প্রধান বিচারপতি এদিন জানতে চান যে প্রভাবশালী অভিযুক্তদের জন্য কী আলাদা কোনও ওয়ার্ড তৈরি করা সম্ভব হাসপাতালে? নিয়োগ দুর্নীতি অভিযোগে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র কেন শিশুদের জন্য বরাদ্দ বেডে ভর্তি?

এই প্রশ্নের কোনও উত্তর দিতে পারেন নি সরকারি আইনজীবী। পাল্টা তিনি বলেন, “এর উত্তর চিকিৎসকরা ভালো দিতে পারবেন”। আগামী ২৪শে জানুয়ারির মধ্যে এসএসকেএমকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও অন্যান্য খবর