পাকিস্তানে ক্রমে কমছে ইমরানের ক্ষমতা, রাশ হাতে নিচ্ছে সেনা! দাবি ওড়ালেন পাক মন্ত্রী!

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ করা একটি প্রতিবেদনে দাবি করা হয়, করোনা আবহে পাকিস্তানে ইমরানের রাশ ক্রমশ আলগা হচ্ছে। জাঁকিয়ে বসছে সেনা। ওই রিপোর্টে আরও বলা হয়, পাকিস্তানের বিমান, বিদ্যুৎ পরিষেবা ও স্বাস্থ্য ক্ষেত্রে অন্তত একজন করে সেনা অফিসার দায়িত্ব পেয়েছেন। ক্রমেই বিভিন্ন ক্ষেত্রে ইমরানের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।

তবে সেই দাবি ন‍্যাসাৎ করে পাক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারির দাবি, এসব কানে শোনা কথার ভিত্তিতে লেখা এবং সর্বৈব অজ্ঞতার প্রতিফলন। তিনি বলেন পাকিস্তানে ইমরান খানই সর্বেসর্বা। পাকিস্তান বর্তমানে করোনা সমস্যায় বিপর্যস্ত। তাই সেনা তাঁকে সাহায্য করছে মাত্র।

পারভেজ মুশারফের প্রশাসনের ১২ জন এখন ইমরানের ক্যাবিনেট সদস্য। ইমরানের যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আসিম আলিম এখন চীনে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পাক প্রজেক্টগুলির তদারকির দায়িত্বে রয়েছেন।

মাজারি আরও বলেন, পাকিস্তানে সবসময় অসামরিক ও সামরিক ক্ষেত্রে টানাপোড়েন চলছে, এই বিশ্লেষণ এবার বন্ধ হোক। উপরন্তু ভারতের দিকে আঙুল তুলে মাজারি বলেন, ‘পাক সেনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আরএসএসের হুমকির জন্য বেশি সতর্ক।’

তাঁর দাবি, ‘পাকিস্তান ভারত থেকে ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছে, সেই জন্যই পাকিস্তানকে জাতীয় নিরাপত্তা পোক্ত করতে হচ্ছে। ভারতের যে কোনও সামরিক আগ্রাসন রোধে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন।’

এই বক্তব্যের যদিও এখনও প্রতিক্রিয়া দেয়নি নরেন্দ্র মোদির দফতর। তবে সেনার প্রাধান্য পাকিস্তানে সবসময় বেশি। স্বাধীনোত্তর ইতিহাস বলছে বেশিরভাগ সময়ই সেনাকর্তারা দেশ শাসন করেছেন পাকিস্তানে। বারবার সেনা অভ্যুত্থানের সাক্ষীও থেকেছে ভারতের এই প্রতিবেশী।

RELATED Articles

Leave a Comment