ঘনীভূত অশান্তি পাক রাজনীতিতে! নওয়াজ শরিফকে ‘ঘোষিত অপরাধী’ বলে দেগে দিল ইসলামাবাদ হাই কোর্ট!

অশান্তি চলছিলই। পাক রাজনীতিতে এবার তা তীব্র আকার ধারণ করল। শাসক-বিরোধী লড়াই এবার ঘোষিত যুদ্ধে পরিণত হল। আর এর নেপথ্যে রয়েছে ইসলামাবাদ হাই কোর্টের একটি সিদ্ধান্ত।
প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অপরাধী ঘোষণা করে হাইকোর্ট। আর এতে করে নিজ দেশে ফিরলেই তাঁকে  গ্রেপ্তার করা হবে বলে আশঙ্কা করছেন বিরোধী দলনেতারা।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে চিকিৎসা সংক্রান্ত কারণে বিদেশে রয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। দু’টি দুর্নীতি মমলায় তাঁকে বারবার সমন পাঠানো হলেও আদালতে হাজিরা দেননি তিনি। আর এরপরই তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা করে দেয় বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মহসিন আক্তার কয়ানির বেঞ্চ। আদালত সূত্রে খবর, আল-আজিজিয়া ও অ্যাভেনফিল্ড মামলার রায়ের বিরোধিতা করে, শরিফের তরফে দায়ের করা আবেদনের প্রেক্ষিতেই শুনানির দিন ধার্য হয়েছিল। যথারীতি শরিফ গরহাজির ছিলেন। যার ফলে ক্ষুব্ধ হয় ইসলামাবাদ হাই কোর্টের দুই সদস্যের বেঞ্চ।
উল্লেখ্য, ইমরান খান প্রশাসনের তরফে আদালতে জানানো হয়েছিল যে বিদেশ দপ্তরের আধিকারিকরা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নওয়াজ শরিফকে আদালতের সমন নিয়ে অবগত করা হয়েছিল। লন্ডনে তিনি যেখানে রয়েছেন, সেখানে আদালতের নোটিশ পাঠানো হয়েছিল। পাশাপাশি, শরিফের লাহোরের বাসভবনেও আদালতের সমন গিয়েছিল। উল্লেখ্য, বর্তমান ও প্রাক্তন দুই পাক প্রধানমন্ত্রীর বিবাদে সরগরম পাকিস্তানের জাতীয় রাজনীতি। এর আগে গত আগস্টেই নওয়াজ শরিফকে ‘পলাতক’ ঘোষণা করেছিল পাকিস্তান। চিকিৎসার জন্য বিদেশ গিয়ে নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও দেশে না ফেরায় তাঁকে ‘পলাতক’ ঘোষণা করা হয়।

RELATED Articles