চিন থেকে করোনা ভাইরাসের প্রবেশ এবার পাকিস্তানেও। সম্প্রতি পাকিস্তানের করোনা ভাইরাসের আগমনের কথা ট্যুইট করে জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য সংক্রান্ত উপদেষ্টা জাফর মির্জা। ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘দুজন পাক নাগরিকের শরীরে চিনা ভাইরাসের নমুনা মিলেছে। আক্রান্তদের চিকিৎসাও চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন পাক উপদেষ্টা।
অন্যদিকে, করোনা মোকাবিলায় বালুচিস্তানে ইরানের সঙ্গে সীমান্ত সিল করে দিয়েছে পাক প্রশাসন। সেই সঙ্গে স্কুল-কলেজগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাক স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, করোনা সংক্রমণের প্রথম ঘটনা ঘটেছে সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে।





