ন‌ওয়াজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিতর্কের মুখে সাফাই দেওয়ার চেষ্টা পাকিস্তান সরকারের

বিতর্কের মুখে ইমরান খান সরকার। দেশের ‘মনোনীত’ প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) ইস্তফা এবং পাকিস্তানের রাজনীতিতে সেনার হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়ে কয়েক সপ্তাহ আগে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। সেই আন্দোলন আরও জোরদার করতে আগামী ১৬ই অক্টোবর বিরোধী দলগুলি একসঙ্গে মিছিল করবে। সেই ঘটনা বাস্তবায়িত হওয়ার আগেই সোমবার নওয়াজ (Nawaz Sharif), তাঁর‌ই দলের সদস্য, মেয়ে মারইয়াম নওয়াজ, প্রাক্তন প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি এবং পাকিস্তান সেনার তিন অবসরপ্রাপ্ত জেনারেলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছে।

তবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলায় বিতর্কের মুখে পড়ে সাফাই দেওয়ার চেষ্টায় খামতি রাখল না পাকিস্তান সরকার। ইমরান খান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ দায়ের করা হয়েছে, তাতে দেশের সরকারের কোনও ভূমিকা নেই।

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরী (Fawad Chowdhury) দাবি করেন, নওয়াজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার ক্ষেত্রে সরকারের কোনও হাত নেই। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘(লাহোরে) নওয়াজ শরিজ ও অন্যান্যদের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, সেই বিষয়টি প্রধানমন্ত্রী নজরে আনার পর তিনি জানান, সে বিষয়ে তিনি কিছু জানেন না।’ এমনকী ইমরান নিজে‌ও নাকি এই ঘটনার ‘তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।’

একই সুরে গলা মিলিয়েছেন স্থানীয় পুলিশ‌ও। তাদের তরফেও দাবি করে জানানো হয়েছে, এক নাগরিকের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়েছে। এতে সরকার বা কোনও প্রতিষ্ঠানের হাত নেই।

সোমবার রাতের দিকে লাহোর পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘এই মামলাটি নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন জল্পনা ছড়িয়েছে। আদতে বাদার রশিদ নামে এক নাগরিকের অনুরোধে সেই মামলা দায়ের করা হয়েছে।’ যদিও তার একদিন আগেই ‘রাষ্ট্র ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানুষকে প্ররোচনা’ দেওয়ার অভিযোগে নওয়াজের জামাই মহম্মদ সাফদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment