ভারতের প্রতিবেশীরা যে যুদ্ধ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে তা জানতে কারো বাকি নেই। একদিকে সীমান্তে চীনের সাথে উত্তেজনার সৃষ্টি হয়েছে, অন্যদিকে পাকিস্তানেরও স্পষ্ট বার্তা ভারতকে। ভারত যদি কোনোভাবে পাকিস্তানকে আক্রমণের চেষ্টা করে তবে তার উচিত জবাব দেবে পাকিস্তান। ভারতের যে কোনো পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে পাক সেনাবাহিনী, এমনটাই জানালেন পাকিস্তানি বিদেশমন্ত্রী।
বুধবার পাকিস্তানের এক সরকারি রেডিও চ্যানেল মাধ্যমে বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির কথা উদ্ধৃত করে জানায়, ‘পাকিস্তানকে ফাঁদে ফেলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ভারত, কিন্তু আমরা অতীতের মতই সংযম রক্ষা করে চলছি এবং ভবিষ্যতেও আমরা ধৈর্যের পরীক্ষা দিতে প্রস্তুত।’
কুরেশি আরও দাবি করেন, বুধবার পাকিস্তানে একটি ভারতীয় ড্রোনকে উড়তে দেখা গেলে তাকে গুলি করে নামে পাক সেনাবাহিনী। এর থেকেই স্পষ্ট বোঝা যায় ভারতের মনে কিছু অভিসন্ধি চলছে। এমনটাই মন্তব্য করেছেন পাক বিদেশমন্ত্রী। যদিও ড্রোন সম্পর্কে তিনি বিস্তারিত কোনও তথ্য দেননি। তবে জানিয়েছেন, ‘আমরা শান্তির পথে থাকতে পছন্দ করি, কিন্তু আমাদের এই সংযমকে আমাদের দুর্বলতা ভাবলে বড় ভুল করা ভাবা হবে।’
রেডিও পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী, ভারতের প্রতি কুরেশি তীব্র বার্তা জানিয়ে বলেন, শান্তির সঙ্গে থাকার হলে যেন বুঝেশুনে পা ফেলে দিল্লি। পাক বিদেশমন্ত্রীর এ হেন বক্তব্যের কোনোরূপ প্রতিক্রিয়া জানায়নি নয়াদিল্লি। তবে পাকিস্তানের এই বার্তার পর ভারতের পরবর্তী পদক্ষেপ যে কী হতে পারে, তাই নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে।
প্রসঙ্গত, সাম্প্রতিক কুরেশি ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান বার বারই কাশ্মীর পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে আক্মমণাত্মক মন্তব্য করে চলেছেন। এমনকি নেপালের সঙ্গে সীমান্ত এলাকা নিয়ে যে সংঘাত হয়েছে তা নিয়ে টিপ্পনি কাটতেও পিছপা হয়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী।





