চলন্ত বিমানের মধ্যেই স্ত্রীর গলা টিপে ধরলেন এক ব্যক্তি। বিমান থেকে নেমেও যেতে চাইলেন। কেন বিমানের দরজা খোলা নেই, তা নিয়ে বিমানকর্মীদের তোপ দাগেন তিনি। এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রা যেন এক ভয়াবহ দুঃস্বপ্ন হয়ে উঠল আমেরিকা থেকে মুম্বইগামী যাত্রীদের কাছে। সাত ঘণ্টা কাটল ভয়ে ভয়ে।
সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির বয়স প্রায় ৭০ বছর। বিমান ওড়ার পর থেকেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন তিনি। সাফ জানিয়ে দেন, এই বিমানে তিনি থাকবেন না। দাবী করতে থাকেন যে সঙ্গে সঙ্গেই দরজা খুলে নেমে যাবেন। বিমানকর্মীরা তাঁকে থামানোর চেষ্টা করেন। কিন্তু তাতে আরও উত্তেজিত হয়ে পড়েন ওই ব্যক্তি।
আর সেই উত্তেজনার বশেই স্ত্রীর দিকে তেড়ে যান তিনি। তাঁর গলা টিপে ধরেন তিনি। সহযাত্রীরা ও বিমানকর্মীরা কোনওভাবে ওই বৃদ্ধকে আটকান। ওই ব্যক্তির স্ত্রী ভয় পেয়ে ইকোনমিক ক্লাসে গিয়ে লুকিয়ে পড়েন। আর এদিকে বিজনেস ক্লাসে সাত ঘণ্টা ধরে রীতিমতো তাণ্ডব চালান ওই বৃদ্ধ। কোনও ভাবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে শান্ত করা হয়।
প্রত্যক্ষদর্শী এই সহযাত্রীর কথায়, “ওই বৃদ্ধ চিৎকার করছিলেন যেন তাঁকে বিমান থেকে নামতে দেওয়া হয়। বিমানকর্মীরা থামাতে গেলে তাঁদের অকথ্য গালিগালাজ করতে থাকেন ওই বৃদ্ধ। তার মধ্যেই অন্তত তিনবার নিজের স্ত্রীকে গলা টিপে খু’ন করতে চেষ্টা করেন। বাধ্য হয়ে তাঁকে জোর করে ধরে রাখেন বিমানকর্মীরা”।





