বিশ্বজুড়ে করোনার থাবা ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লক্ষ ৩৬ হাজার ছাড়িয়েছে। পাশাপাশি এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭১ হাজার ৫৭৫ জনের। এই ভাইরাসে লাগাম লাগাতে অবিরাম প্রচেষ্টা করে চলেছেন দেশ বিদেশের বিজ্ঞানীরা। একদিকে অক্সফোর্ডের বিজ্ঞানীদের তৈরি করোনা প্রতিষেধকের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে। ভারতেও হায়দ্রাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা ভারত বায়োটেকের তৈরি COVAXIN এবং আহমেদাবাদের ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার ZyCov-D এর হিউম্যান ট্রায়াল শুরু হতে চলেছে। কিন্তু এর মধ্যেই বিশ্বের প্রথম দেশ হিসাবে রাশিয়া করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল পর্ব সম্পন্ন করল।
রবিবার রাশিয়ার সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তাঁদের তৈরি করোনা প্রতিষেধকের শেষ পর্যায়ের হিউম্যান ট্রায়াল পর্বের সমাপ্তির খবর জানিয়েছে। সেকেনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ বলেন, প্রতিষেধক প্রয়োগের পরে আপাতত স্বেচ্ছাসেবকের প্রথম দলটিকে ১৫ জুলাই এবং দ্বিতীয় দলটিকে ২০ জুলাই পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে। তার পর তাঁদের ছেড়ে দেওয়া হবে।
রাশিয়ার গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি তৈরি করেছে এই প্রতিষেধকটি। সূত্রের খবর, ওষুধ তৈরির আগে প্রতিষেধকের শেষ পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল আগামী ১৮ জুলাই থেকে শুরু করা হচ্ছে। প্রতিষেধক গবেষণা দলের প্রধান ভাদিম তারাসভ বলেন, ভ্যাকসিনের সুরক্ষার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। এরপর এই সব ট্রায়ালের ফলাফল হাতে এলেই প্রতিষেধকের উৎপাদনের কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে গামালেই ইনস্টিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তরফে।





