পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির অনুমোদনের পরেই মুম্বই হামলার মূল চক্রী হাফিদ সইদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু করেছে পাকিস্তান।
২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী ছাড়াও আবদুল সালাম ভুট্টাবি, হাজি এম আসরাফ, ইয়াহইয়া মুজাহিদ এবং জাফর ইকবালকেও আর্থিক লেনদেনের ছাড়পত্র দেওয়া হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ওই সদস্যরা আপাতত জেলে রয়েছে। বন্দিত্বের মেয়াদ এক থেকে পাঁচ বছর। সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থ জোগানের জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পঞ্জাব সন্ত্রাস বিরোধী বিভাগ।
ওই সংবাদমাধ্যমের আরও দাবি যে, জামাত সদস্যরা এখন ‘সক্রিয়’ নয়, তাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রসংঘে আর্জি জানিয়েছিল, যাতে তাঁরা নিজেদের সংসার খরচ চালাতে পারে। পাকিস্তান সরকারের কাছে নিজেদের উপার্জন, আয়ের উৎসও তুলে ধরেছিল। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর-সহ সেইসব তথ্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হয়েছিল বলেও দাবি করেছে ওই সংবাদমাধ্যম।





