একমুহূর্তে খুব একটা ভালো অবস্থা দিয়ে যাচ্ছেনা ভারতের অর্থনীতি। বাজারে দেখা দিয়েছে মন্দা। তারমধ্যেই আশার আলো জুগিয়ে ভারতে ১০০ বিলিয়ন মার্কিন ডলার লগ্নির কথা জানালো সৌদি আরব৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ৭ লক্ষ কোটি। যার দরুণ ফের চাঙ্গা হতে পারে ভারতীয় অর্থনীতি।
এই লগ্নির প্রসঙ্গে রবিবার সৌদি রাষ্ট্রদূত সউদ বিন মহম্মদ আল সাতি জানিয়েছেন যে, বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের প্রথম পছন্দ ভারত৷ তেল, খনিজ, গ্যাস, পেট্রোকম ইত্যাদি ক্ষেত্রে ভারতের সঙ্গে দীর্ঘ মেয়াদী সম্পর্কে যেতে চায় সৌদি আরব৷ এছাড়াও তারা ভারতের কৃষি ক্ষেত্রেও লগ্নি করতে ইচ্ছুক৷ সৌদি রাষ্ট্রদূতের কথায়, ভারতের কৃষি, তেল, খনিজ, পেট্রোকম প্রভৃতি নানান ক্ষেত্রে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চিন্তাভাবনা করছে সৌদি আরব৷
শুধু তাই নয়, ভারতে জ্বালানির চাহিদা বৃদ্ধি পাওয়ায় রিলায়েন্সের সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানি সংস্থা সোদি অ্যারামকোর। তাঁরা রিলায়েন্সের সঙ্গে জোট বেঁধে ভারতের পশ্চিম উপকূলে তেল শোধনাগার এবং মহারাষ্ট্র পেট্রোকেম প্রকল্পে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চিন্তাভাবনা করছেন৷ এছাড়াও সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন ২০৩০ এর মধ্যে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছেন৷ তারই প্রথম ধাপ হিসেবে সৌদি আরব এই লগ্নির কথা চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর।






