ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি না হলেও, শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, রাস্তাঘাট।
ঘটনাটি ঘটেছে জাপানের উত্তর-পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকায়। ভুমিকম্প হয়েছে রবিবার রাতে। এর ফলে সেই এলাকার প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা, জল পরিষেবা ও রেল পরিষেবা। তবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তোহোকু অঞ্চলের মিয়াগি ও ফুকুশিমা এলাকা। কোনও হতাহতের খবর নেই। নিউক্লিয়ার প্ল্যান্টও সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে।
জাপানের আন্তর্জাতিক আবহবিদ্যা সংস্থার তরফে জানানো হয়েছে যে এই ভূকম্পনের জেরে এখনই সুনামি হওয়ার কোনও আশঙ্কা নেই। ২০১১ সালে এই এলাকায় যে ভূমিকম্প হয়েছিল, এটা তারই আফটারশক। এরকম আফটারশক ভবিষ্যতে আরও হতে পারে বলেও জানানো হয়েছে। ২০১১ সালের ভূমিকম্পের তীব্রতা ছিল ৯.০। গতকালের ভূমিকম্পের তীব্রতা ৭.৩।
এই ভূমিকম্পের ফলে জাপানের উত্তর-পূর্বের বহু বাড়িতে ফাটল ধরেছে। ভেঙে পড়েছে অনেক বাড়ির জানলা। ফুকুশিমায় ধস নেমেছে বলেও জানা গিয়েছে। কম্পনের জেরে টোকিও শহরের বাড়িও কেঁপে উঠেছিল বলে খবর। বহু জায়গাতেই বিদ্যুৎ ও জল পরিষেবা ব্যাহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অনেক জায়গায় জলের ট্যাংকার পাঠানো হচ্ছে। জাপানের সরকারী সূত্রে খবর মিলেছে যে এই ভূমিকম্পে ১০৪ জন আহত হয়েছেন।





