করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বাদুড় নিয়ে যাবতীয় গবেষণা বন্ধ রাখার নির্দেশ দিল ট্রাম্প সরকার। সব গবেষককে ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে, মানবদেহ থেকে অন্যান্য প্রাণীদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। সেই কারণেই আপাতত বাদুড় নিয়ে গবেষণা স্থগিত রাখা হোক।
ওয়াশিংটনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার মৎস্য ও বন্যপ্রাণী বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ‘করোনা ভাইরাস যেভাবে চরিত্র বদলাচ্ছে, তাতে অনেক স্তন্যপায়ী প্রাণীরই সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উত্তর আমেরিকায় বাদুড় সহ অন্যান্য প্রাণী ও জন্তুদের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে কি না, সেটা এখনও জানা যায়নি। কিন্তু তা সত্ত্বেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’
অতীতে বাদুড়ের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়িয়েছে। আবার আমেরিকায় ২০০৬ সালে হোয়াইট নোজ সিনড্রোমের ফলে ৫৫ লক্ষেরও বেশি বাদুড়ের মৃত্যু হয়। এবার যাতে বাদুড়ের মধ্যে করোনা ভাইরাস না ছড়িয়ে পড়ে, সেদিকে খেয়াল রাখছেন চিকিৎসকরা।
অন্যদিকে কিভাবে চিনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে, সেটা এখনও অজানা। তবে অনেকেরই সন্দেহ, প্রথমে বাদুড়দের মাধ্যেমেই ছড়িয়ে পড়ে এই ভাইরাস।
অন্যদিকে কয়েকদিন আগেই আমেরিকার একটি চিড়িয়াখানায়, চিড়িয়াখানার কর্মীর মাধ্যমে সংক্রামিত হয়েছে বাঘ। সেই কারণেই সতর্ক মার্কিন প্রশাসনের এমন বাড়তি সতর্কতা।





