এর আগে এনআরএস হাসপাতালে সংক্রমণের কারণে বন্ধ করা হয়েছে মেডিসিন ওয়ার্ড। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালেও। বন্ধ হয়ে যেতে পারে আরজিকর-এর মেডিসিন বিভাগও।
সূত্রের খবর, নোভেল করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি ভর্তি থাকায় হাসপাতালের মেডিসিন ওয়ার্ড সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলছে ওয়ার্ডের রোগীদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ।
অন্যদিকে স্বাস্থ্য ভবন সূত্রে খবর, মেল ওয়ার্ডে ভর্তি থাকা দু-জন ব্যক্তির শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ রিপোর্ট পজিটিভ এসেছে। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে গতকাল। সংক্রামিত ব্যক্তি ওয়ার্ডে ভর্তি থাকায় আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড বন্ধ করে তা জীবাণুমুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রায় ৪৫ জন চিকিৎসক, নার্স, কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং নমুনা সংগ্রহ করা হতে পারে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।
এদিকে আরজিকর সূত্রে খবর, হাসপাতালের অধ্যক্ষের নেতৃত্বে ইতিমধ্যেই শুরু হয়েছে জরুরি বৈঠক, সেখানে কীভাবে ওয়ার্ড বন্ধ রাখা হবে, কীভাবে তা জীবাণুমুক্ত করা হবে, কোন কোন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হবে সেই সমস্ত বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে।





