দশম শ্রেণীর পরীক্ষার শেষদিন। বান্ধবীদের সঙ্গে দেখা হওয়ার নিশ্বয়তা নেই। কিন্তু কেমন লাগবে যদি নিতান্ত মজার ঘটনার তিল থেকে তাল হয়ে যায়? জামা খুলিয়ে রীতিমতো ব্লেজার পরিয়ে বাড়ি পাঠানোর পরিস্থিতি তৈরি করে প্রিন্সিপাল?
এমনই এক নজিরবিহীন ঘটনা ঘটেছে ঝাড়খন্ডের ধানবাদে। প্রায় ৮০ জন দশম শ্রেণীর ছাত্রীদের হেনস্থার মুখে পড়তে হয়। এদিন ছিল ‘পেন ডে’ সেলিব্রেশন। বোর্ড পরীক্ষার শেষদিন। সাধারণত, ইউনিফর্মের উপর নিজেদের চলে লেখালিখি বা ফেয়ারওয়েল নোট। শেষদিনে বন্ধুর জন্য বিশেষ বার্তা।
তবে এই ‘পেন ডে’ সেলিব্রেশন করতে গিয়ে বিপাকে ধানবাদের ওই স্কুলের ছাত্রীরা। তাঁদের অভিযোগ, স্কুলের প্রিন্সিপাল তাঁদের প্রকাশ্যে শার্ট খোলার কথা বলেন। বারবার ক্ষমা চেয়েও লাভ হয়নি। শেষমেষ স্কুল ইউনিফর্ম ছাড়াই শুধুমাত্র ব্লেজার পরে বাড়ি ফেরেন তারা।
ঘটনার পর স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্কুলের সামনে বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। অভিযোগ, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে পড়ুয়ারা। ওই প্রধান শিক্ষকের কাছে পুলিশ এবং জেলাশাসকের কাছে অভিযোগ করেছেন তারা।
আরও পড়ুনঃ ভারতী সিংয়ের জীবন সংগ্রাম! শূন্য থেকে শীর্ষে, এক অনুপ্রেরণার গল্প
ইতিমধ্যেই ঘটনায় চার সদস্যের এক দল গঠন করে তদন্ত শুরু হয়েছে। ছাত্রীদের সঙ্গেও কথা বলা হয়েছে। অভিযোগ প্রমাণ হলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধানবাদের ডেপুটি কমিশনার মাধবী মিশ্র।





