পুড়ে ছাই হয়ে গেলো রাজারহাটের বৈদিক ভিলেজ। কাল রাত সাড়ে ৯ টার পর পর এই বিধ্বংসী আগুন লাগে বলে সূত্রের খবর৷ এরপরই দ্রুত ছড়িয়ে পরে সেই আগুন। পুড়ে যায় একের পর এক রেস্তোরাঁ, কটেজ, কনফারেন্স রুম।
এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পরেন অতিথিরা। এরপর আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ১২ টি দমকল ইঞ্জিন। সেই ১২ টি দমকল ইঞ্জিনের দীর্ঘ ছয় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা যায় আগুন৷ খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি।
দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয় যে দাহ্য বস্তু প্রচুর পরিমাণে থাকায় এই আগুন এতোটা বিধ্বংসী রূপ নিয়েছিল। তবে কি করে এই আগুন লেগে যায় তা এখনও জানা যায়নি। অনেকে আশঙ্কা করছেন যে ঝড় বৃষ্টির সময় বাজ পরে এই আগুন লেগেছিল, তবে সঠিক কারণটি এখনও জানা যায়নি। এই ঘটনায় এখনও অবধি কোনো হতাহতের খবর মেলেনি।





