দেব এবং জিত্ -এর সিনেমাকে কেন্দ্র করে এবারে রীতিমতো মল্লযুদ্ধ বেঁধে গেলো যতীন দাস পার্কের বসুশ্রী সিনেমা হলে। দুই অভিনেতার ভক্তদের মধ্যে বিবাদ এতোটাই চরমে পৌঁছে যায় যে, শেষমেশ ঘটনাস্থলে পুলিশকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
সূত্রের খবর, আজ ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে জিত্ অভিনীত ‘শেষ থেকে শুরু’ এবং দেব অভিনীত ‘কিডন্যাপ’। আর এই দুটি সিনেমার পর পর দুটি শো লাগানো হয় বসুশ্রী সিনেমা হলে। জানা যায়, জিত্ -এর সিনেমাটি দেখে যখন জিত্ ভক্তরা সিনেমা হল থেকে বেড়িয়ে আসছিলেন সেসময় বাইরে দেব এর ছবিতে দুধ, ফুল ছিটাচ্ছিলেন দেব ভক্তরা। সেসময়ই বাঁধে বিপত্তি।
সেখানে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, সেসময় হঠাৎ দেবের ভক্তদের ছেটানো দুধ ফুল এসে পরে এক জিত্ ভক্তের ওপর। আর তাতেই ক্ষিপ্ত হয়ে বচসা শুরু করেন সেই জিত্ ভক্ত। মুহূর্তেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ সিনেমা হলের সামনেই দুই পক্ষের মল্লযুদ্ধ বেঁধে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় আপাতত একজনের আহত হওয়ার খবর মিলেছে।