এই সপ্তাহের শুরুতে এক-দুবার বৃষ্টির পর আর মেলেনি বৃষ্টির দেখা। উল্টে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা এবং আর্দ্রতা। ফলস্বরূপ অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের বাসিন্দারা। চাতক পাখির ন্যায় তারা বৃষ্টির দিকে তাকিয়ে থাকলেও, আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাসই নেই আবহাওয়া দপ্তরের নিকট। বরং ফের আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হলো দক্ষিণবঙ্গের আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা।
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে কাল শেষ দফার ভোটের দিন তাপমাত্রা কমার কোনো লক্ষণই নেই। উল্টে কাল তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে, বাংলায় প্রবেশ করছে গরম পশ্চিমী হাওয়া। যার জেরেই তাপপ্রবাহ চলতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণবঙ্গের মোট আটটি জেলা, যথা মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর-এ এই তাপপ্রবাহ কাল থেকে শুরু হবে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। কলকাতাও বৃদ্ধি পাবে অস্বস্তি। তাপমাত্রা ৩৮ ডিগ্রী হলেও তা ফিল সূচকে পৌঁছে যাবে ৪৮ ডিগ্রীতে। ফলে কাল গরমে প্যাচপ্যাচে ঘাম নিয়েই লাইনে দাড়িয়ে ভোট দিতে হবে ভোটারদের।





