ফের ভয়াবহ অগ্নিকান্ড কলকাতার বুকে। এবারে ভয়াবহ আগুন ছড়িয়ে পরলো পার্ক সার্কাসের রেল লাইন লাগোয়া এলাকায়৷ কিছুদিন পূর্বেই বৈদিক ভিলেজে আগুন লেগেছিল তারপর এক রেস্তোরাঁয়৷ আর এবারে পার্ক সার্কসের ঘন জনবসতিপূর্ণ এলাকাতে এই অগ্নিকান্ড।
সূত্রের খবর পার্ক সার্কাসের রেল লাইনের কাছে থাকা রাইফেল রেঞ্জ রোডে অবস্থিত একটি বাঁশ – প্লাইউডের দোকানে প্রথম আগুন লাগে। সেখানে প্রচুর দাহ্যবস্তু থাকায় সহজেই সেই আগুন চারদিকে ছড়িয়ে পরে, আশেপাশে থাকা আরও ৫-৬ টি দোকান সেই আগুনের গ্রাসে চলে যায়৷ তবে কি থেকে এই আগুন লাগে তা এখনও জানা সম্ভব হয়নি৷ কিন্তু রেল লাইনের পাশেই আগুন লাগায় এই মুহূর্তে বন্ধ রয়েছে সেখানকার, অর্থাৎ শিয়ালদহ দক্ষিণের লাইনের ট্রেন চলাচল।
ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের ৪ টি ইঞ্জিন। চলছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। তবে এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় যে কোনো মুহূর্তেই সেই আগুন আশেপাশের বহুতলগুলিকেও তার গ্রাসে নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন যে, ঘটনাটিতে নজর রেখে চলেছেন তিনি। প্রয়োজনে সেখানে আরও দমকল ইঞ্জিন পাঠানো হবে।