আজ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন৷ গণনা হচ্ছে একের পর এক লোকসভা কেন্দ্রের ভোট। এবং ইঙ্গিত যা মিলেছে তাতে স্পষ্টই যে, এবারেও গেরুয়া ঝড়ে ডুবে রয়েছে গোটা দেশ৷ সর্বত্রই নমো -র জয়জয়কার। দিল্লির বিজেপি দপ্তরের সম্মুখে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হোম-যজ্ঞ। এই আনন্দের উচ্ছ্বাসে ভেসেছে পশ্চিমবঙ্গেরও মুখ্য বিজেপি দপ্তর।
গুজরাট, রাজস্থানের মতো বাংলায় সর্বাধিক আসন বিজেপি না পেলেও, বলা যায় যে তৃণমূলের পায়ের নীচের মাটি বেশ ভালোভাবেই কাঁপিয়ে দিয়েছে বিজেপি। এখনও অবধি বাংলার ৪২ টি আসনে তৃণমূল যেখানে এগিয়ে রয়েছে ২৪ টি আসনে, সেখানে বিজেপি এগিয়ে রয়েছে ১৭ টি আসনে। যা, গতবারের তুলনায় অনেকটাই বেশি। বিজেপির এই উত্থানে স্বাভাবিকভাবেই আশঙ্কায় তৃণমূল নেতারা৷ অপরদিকে খুশ মেজাজে চলছে বিজেপি দপ্তরে সেলিব্রেশন৷
তোপসিয়ার তৃণমূল দপ্তর যেখানে একদমই চুপচাপ, সেখানেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের নিকটবর্তী বিজেপি রাজ্য দপ্তরে গেরুয়া আবীর খেলায় মেতে উঠেছেন বিজেপি কর্মীরা। শুধু তাই নয়, রাস্তার গাড়ি, বাসের যাত্রীদের এবং পথচলতি মানুষদের খাওয়ানো হচ্ছে প্রায় গেরুয়া রঙের ‘কমলাভোগ’ মিস্টি। বিলি করা হচ্ছে মোদীর জামাও৷ বিজেপি দপ্তরে এখন যেন সাজোসাজো রব৷ প্রসঙ্গত, কাল সন্ধ্যেতেই বিজেপির তরফে বায়না দেওয়া হয়েছিল ৫ হাজার কমলাভোগ মিস্টির। আরও একবার দেশে আসছে মোদী সরকার, তারমধ্যে বাংলাতেও বেশ উঠেছে গেরুয়া ঝড়৷ তাই সবমিলিয়ে এখন শুধুই আনন্দের দৃশ্য বিজেপির রাজ্য দপ্তরে। সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন জয়প্রকায় মজুমদার সহ আরও কিছু বিজেপি নেতা। সঙ্গে অবশ্য ফলাফলের দিকেও চোখ রেখে যাচ্ছেন বিজেপি দপ্তরের কর্মীরা।





