বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইঙ্গিত মিলেছে যে, এবারে রাজ্যে আর ৪২ এ ৪২ হচ্ছেনা তৃণমূলের। বরং তৃণমূলের চিন্তা বাড়িয়ে একের পর এক আসনে এগিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থীরা। এদের মধ্যো রেকর্ড সংখ্যক ভোটে এগিয়ে গিয়েছেন বাঁকুড়া এবং আসানসোলের বিজেপি প্রার্থী যথাক্রমে সুভাষ সরকার এবং বাবুল সুপ্রিয়৷
আসানসোল কেন্দ্রে এই মুহূর্তে প্রায় ৬০ হাজার ভোটে তৃণমূল প্রার্থী মুনমুন সেনের থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ স্বাভাবিকভাবেই উৎসবে মেতে উঠেছেন আসানসোলের বিজেপি কর্মীরা। এই বিপুল সংখ্যক ভোটে এগিয়ে যাওয়ার পর বাবুল সুপ্রিয় জানান যে, এটি সাধারণ মানুষের মত। পরিষ্কার পথে হেঁটেছেন বলেই সাধারণ মানুষ তাঁর পাশে দাঁড়িয়েছেন। অপরদিকে তৃণমূল সম্বন্ধে তিনি মন্তব্য করেন যে, তৃণমূলের ভোট একমাত্র তারা কটি বুথ ক্যাপচার করতে পেরেছে তার ওপর নির্ভরশীল। তাই বাবুল সুপ্রিয়র কথায় অসৎপথে যে হাঁটেনি এটি তারই প্রমাণ।
অপরদিকে বাঁকুড়া কেন্দ্রেও অবস্থা প্রায় একই। সেখানেও বিপুল সংখ্যক ভোটে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী সুব্রত সরকারকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার৷ আপাতত প্রায় ৩৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ভোট পার্থক্য ২৫ হাজার পেরোতেই বাঁকুড়ায় উচ্ছ্বাস শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের। এই সময় বাঁকুড়ার রাস্তায় দলে দলে নেমে এসেছেন বিজেপি সমর্তকেরা। চলছে আবীর খেলা সঙ্গে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। করা হয়েছে বিপুল পরিমাণ খাদ্যের আয়োজন। অপরদিকে বাঁকুড়ার তৃণমূল শিবির বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে পরেছে জনশূন্য।





