আজ ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন৷ না, এর জন্য কোনো ছুটি বা বন্ধ ডাকা হয়নি রাজ্য জুড়ে। তবে কার্যত আজ অঘোষিত বন্ধেরই চেহারা নিয়েছে রাজ্য। আজ সকালে কলকাতা তথা গোটা রাজ্যের প্রায় একই চেহারা। নেই তেমন যানবাহন। না রয়েছে সমস্ত দোকাটপাট খোলা।
কলকাতা সহ সমস্ত রাজ্য জুড়েই আজ যানবাহনের সংখ্যা একদমই কমে গিয়েছে। বেসরকারি বাস প্রায় নেই, সরকারি বাস চললেও অন্যদিনের তুলনায় তার সংখ্যা অনেকটাই কম। কলকাতার রাস্তায় যথেষ্ট কম মিলছে হলুদ ট্যাক্সি। অটো চালকরাও দূরে কোথাও যেতে চাইছেননা। বেলা বাড়লে কিছু দোকান খুললেও, বন্ধ রয়েছে বহু দোকানপাট। এর কারণ হিসেবে বলা যায় যে, অনেকেই আজ টিভি খুলে টিভির সম্মুখে বসে রয়েছে দেশের রায় জানতে। অপরদিকে এবারে যেভাবে প্রতি দফার ভোটে রাজ্য জুড়ে অশান্তি উত্তেজনা দেখা দিয়েছিল তাতে ভীত হয়ে পরেছেন অনেকেই, তাই তারা আর বাড়ির চার দেওয়ালে থাকতেই বেশি পছন্দ করছেন৷
যদিও এর দরুণ সমস্যায় নিত্য যাত্রীরা। বাস, ট্যাক্সি না মেলায় রীতিমতো নাজেহাল তারা। তাদের এই মুহূর্তে একমাত্র ভরসা ওলা, উবর প্রভৃতি ক্যাবগুলি। তবুও অন্যদিনের তুলনায় আজ নিত্য যাত্রীর সংখ্যাও নেহাতই কম৷ সবমিলিয়ে যেন ভোটের ফল ঘোষণায় রাজ্য জুড়ে রাজ্যবাসীরা পালন করছেন বন্ধ।






