ফের ডেঙ্গুতে মৃত্যু, মশাবাহিত রোগ কাড়ল প্রাণ, মাত্র ২০ বছরেই থেমে গেল দক্ষিণ দমদমের সমাপ্তির জীবন

পুজোর আগে যেন ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। রাজ্যে উত্তরোত্তর বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। ফের মশাবাহিত এই রোগে ঘটল প্রাণহানি। মৃত্যু হল দক্ষিণ দমদমের এক তরুণীর।

দক্ষিণ দমদমের বাসিন্দা ওই তরুণীর নাম সমাপ্তি মালিক। বয়স ২০ বছর। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী। জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। প্রথমে বাড়িতে চিকিৎসা চললেও পরে বেশ আশঙ্কাজনক অবস্থাতেই নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেই সময় রক্ত পরীক্ষা করালে রিপোর্টে ডেঙ্গু ধরা পড়ে সমাপ্তির। গতকাল, শনিবার রাতে অবস্থার অবনতি হয় তরুণীর। সেই কারণে তাঁকে আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গুতে প্রাণ হারালেন ৭ জন।

প্রসঙ্গত, রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শনিবার জেলাশাসক, সিএমওএইচদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিব। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন। পুজোর আগেই রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন তিনি। ১০ অক্টোবরের মধ্যে ১২৮টি পুরসভার কাউন্সিলরদের ডেঙ্গু নিয়ে ওয়ার্ডে-ওয়ার্ডে অন্তত দুটি করে বৈঠক করতে হবে মুখ্যসচিব পুর ও নগরোন্নয়ন এবং স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ডেঙ্গু মোকাবিলায় গ্রাম-শহরে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলছে। ডেঙ্গু পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে, ৬৮টি হটস্পট ঘুম কেড়েছে নবান্নের। ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত, ১৩টি পুরসভা নিয়ে বেশ চিন্তা রয়েছে। জানা গিয়েছে, এনটোমোলজিক্যাল সার্ভের ভিত্তিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

আরও অন্যান্য খবর