পুজোর মুখে মাথায় হাত মধ্যবিত্তদের, এক ধাক্কায় ২০৩ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম

পুজোর মুখেই বড় দুঃসংবাদ। ফের একবার বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। এবার এক ধাক্কায় ২০৩ টাকা বাড়ল এলপিজি গ্যাসের দাম। আজ, ১ অক্টোবর থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানা গিয়েছে। এভাবে এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের কপালে।

প্রতি মাসের প্রথম দিনই গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি গ্যাসের দামের হেরফের ঘটে। এবার দাম বাড়ল ১৯ কেজি অর্থাৎ বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এই পর্যন্ত কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৮৩৯.৫০ টাকা। তবে এবার ২০৩ টাকা দাম বাড়ার ফলে এখন কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৩ টাকা। তবে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে।

গত জুলাই মাসেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল ৭ টাকা। আবার গত মাসে গৃহস্থালির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা কমানো হয়েছিল কেন্দ্রের তরফে। এই ঘটনায় চওড়া হাসি ফুটেছিল আমজনতার মুখে। আবার উজ্জ্বলা প্রকল্পের আওতায় রান্নার গ্যাসে আরও ২০০ টাকা ভর্তুকি বাড়ানো হয়েছিল।

গত মাসে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম কমার ফলে কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়িয়েছিল ৯২৯ টাকা। আবার দিল্লিতে গার্হস্থ্য সিলিন্ডারের দাম দাঁড়ায় ৯০৩ টাকা। মুম্বইয়ে দাম কমে হয় ৯০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম দাঁড়ায় ৯১৮.৫০ টাকায়।

RELATED Articles