দেশে করোনার সংক্রমন এখনও ঊর্ধমুখী। তার মধ্যেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বাড়ছে সংক্রমনের উদ্বেগ। এবার নীলরতন হাসপাতালেও সংক্রমনের উদ্বেগ বাড়ল।
হাসপাতালে চিকিৎসাধীন ৮ জন রোগীর শরীরে এবার করোনার সংক্রমণের আশঙ্কা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্যের কোনো মেডিক্যাল কলেজ হাসপাতালে একসাথে এতজন রোগীর সংক্রমণের ঘটনা এর আগে শোনা যায়নি। জানা গিয়েছে, করোনা সন্দেহের তালিকায় রয়েছেন ৬ জন প্রসূতিও। এছাড়া রয়েছে ৬৫ বছরের এক বৃদ্ধ। তিনি চিকিৎসাধীন রয়েছেন মেল মেডিসিন ওয়ার্ডে। সূত্রের খবর, আরও একজন রোগীর ইতিমধ্যেই মৃত্যু হয়েছে।
এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। যদিও এ বিষয় কোনও মন্তব্যই করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার কী কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারের ডেথ অডিট কমিটি। আটজনের আক্রান্তের বিষয়ে এখনও স্পষ্ট করেনি স্বাস্থ্যভবন। ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে এনআরএস হাসপাতাল চত্বরে।
এর আগে এপ্রিলের শুরুর দিকে এনআরএস হাসপাতালে করোনা আশঙ্কা তৈরি হয়েছিল। এক রোগীর শরীরে করোনার অস্বিত্ব মেলার পর বেশ কয়েকজন চিকিৎসক, নার্স এবং প্যারামেডিক্যাল কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠাতে হয়েছিল। যদিও তাঁদের প্রত্যেকের ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ আসে।





