মুখোমুখি যুদ্ধের ময়দান ছেড়ে এবার সাইবার দুনিয়ার মাধ্যমে ভারতকে শায়েস্তা করার চেষ্টা। ভুয়ো ‘আরোগ্য সেতু’ অ্যাপে ফাঁদ পেতেছে পাক গুপ্তচর সংস্থা। হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা এই অ্যাপটি ডাউনলোড করলেই হবে বিপদ। এর মাধ্যমেই সেনা কর্মী ও আধিকারিকদের যাবতীয় তথ্য নিজেদের মুঠোর মধ্যে নিয়ে আসার জন্য ছক কষেছে আইএসআই। এই বিষয়ে সাবধানতা জারি করেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সেনা গোয়েন্দা দপ্তর। তার ভিত্তিতে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি সেনাঘাঁটি ও শিবিরকে সতর্ক করেছে ফোর্ট উইলিয়াম।
সেনা সূত্রে খবর পাওয়া গেছে, সেনাদের কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই মেসেজটি আসার পরই সেনা গোয়েন্দারা বিষয়টি জানতে পারেন। সেখানে ‘আরোগ্য সেতু’ নামে একটি অ্যাপের লিংক পাঠানো হচ্ছিল। বলা হচ্ছিল অ্যাপটি ডাউনলোড করতে। জানা গিয়েছে, করোনার সঙ্গে লড়াইয়ের জন্য কেন্দ্রীয় সরকার ‘আরোগ্য সেতু’ অ্যাপটি তৈরি করেছে। লকডাউনের সময় মূলত নিজেদের শিবির বা ঘাঁটির মধ্যে রয়েছেন সেনা আধিকারিক ও জওয়ানরা। আগাম ছুটি নেওয়া থাকলেও তাঁরা বাড়িতে যেতে পারছে না। নিজেদের বাড়ির সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো ফোন আর যদি তাদের বাড়ির এলাকা রেড জোন বা অরেঞ্জ জোনের মধ্যে পড়ে তাহলে তাঁদের বাড়ির লোকেরা অ্যাপটি ডাউনলোড করছেন। আবার এই অ্যাপ দেখে নিজেরা সতর্ক হয়ে সেনাকর্মীরা বহু তথ্য বাড়ির লোককে জানাচ্ছেন। তাই বহু সেনাকর্মী ‘আরোগ্য সেতু’ অ্যাপটি ডাউনলোড করছেন। যেহেতু কলকাতা রেড এলাকা, তাই ফোর্ট উইলিয়ামের সেনাকর্মীরাও ডাউনলোড করছেন এই অ্যাপটি।
সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ভুয়া অ্যাপটি আসলে একটি মিরর অ্যাপ। যে এটি পাঠাচ্ছে, তার মোবাইল অথবা ল্যাপটপে অ্যাপটি রয়েছে। এবার কোনও সেনাকর্মী আসল ‘আরোগ্য সেতু’ অ্যাপ মনে করে এই অ্যাপটি ডাউনলোড করলে, তার মোবাইলের যাবতীয় তথ্য তার কাছে পৌঁছে যাবে। এই ক্ষেত্রে যদি আইএসআই পাঠিয়ে থাকে, তবে পাক গুপ্তচর সংস্থার কর্মীরা নিজেদের মোবাইল বা ল্যাপটপ খুলেই দেখতে পারবে কোন সেনাকর্মী কাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদি ফোন হ্যাক হয় তবে যদি ‘কন্টাক্টস’ থেকেই ওই শিবিরের অন্য সেনাকর্মী বা অফিসারের তথ্য চলে আসবে আইএসআই এর হাতে। ইস্টার্ন কমান্ডের সেনা গোয়েন্দারা জানাচ্ছেন, এখনও পর্যন্ত পূর্ব বা উত্তর পূর্ব ভারতের কোনও সেনা জওয়ান বা আধিকারিকের মোবাইল হ্যাক করা হয়েছে কি না সেই বিষয়ে কোনো তথ্য আসেনি। কেউ এই অ্যাপ ডাউনলোড করেছেন কি না, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। কিন্তু কেন্দ্রীয়ভাবে এই সতর্কবার্তা তাঁরা পেয়েছেন। পাওয়ামাত্রই ফোর্ট উইলিয়াম থেকে প্রত্যেকটি সেনাঘাঁটিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর মুখ্য জনসংযোগ আধিকারিক মনদীপ হুডা জানান, সেনাবাহিনীকে বলে দেওয়া হয়েছে আরোগ্য সেতু-সহ যে কোন অ্যাপ যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসে তা যেন কেউ ডাউনলোড না করেন। কারণ সেক্ষেত্রে অ্যাপের মাধ্যমে মোবাইল হ্যাক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রত্যেকে যেন মোবাইলের প্লে স্টোরে গিয়েই সেই অ্যাপ ডাউনলোড করেন। তা অনেকটাই নিরাপদ। এদিকে, কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, অন্যান্য সরকারি সংস্থার ক্ষেত্রেও গুপ্তচররা অ্যাপের মাধ্যমে ফোন কিংবা ল্যাপটপ তথ্য হ্যাক করার চেষ্টা করতে পারে। তাই এই বিষয়ে প্রত্যেককেই সতর্ক করা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগ।





