দুটি বাসের মধ্যে রেষারেষির জেরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির সঙ্গে একটি বাসের ধাক্কা লেগে উল্টে গেল সেই যাত্রীবোঝাই বাস। ঘটনাটি ঘটে সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে। এই ঘটনায় যান চলাচল ব্যাহত হয় কিছু সময়ের জন্য।
ঠিক কী ঘটেছিল?
আজ, সোমবার বেশ সকালের দিকেই গোদরেজ ওয়াটার সাইডের দিক থেকে কলেজ মোড়ের দিকে আসছিল একটি যাত্রীবোঝাই বাস। সিগন্যাল ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বাসটি। সেই সময় আরএস সফটওয়ারের দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় বাসটি।
এরপরই ঘটে যায় দুর্ঘটনা। ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই উল্টে যায় বাসটি। এই ঘটনায় বেশ আহত হন ওই গাড়ির চালক। অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত বাসে ৩০ জন মতো যাত্রী ছিলেন। বাসটি উল্টে যাওয়ায় ১০ জন মতো যাত্রী আহত হয়েছেন। এক মহিলা যাত্রীর কলার বোন ভেঙে গিয়েছে। বাসের চালক গুরুতর আহত হয়েছেন বলে খবর।
দুর্ঘটনাগ্রস্ত বাসে চেপেছিলেন সঞ্জয় লস্কর নামের এক যাত্রী। বিধাননগর যাওয়ার জন্য টাটা মেডিক্যাল থেকে বাসে উঠেছিলেন তিনি। দুর্ঘটনার বিষয়ে তিনি বলেছেন, “খুব জোরে যাচ্ছিল বাসটি। তার পর দেখি গাড়ির সঙ্গে ধাক্কা মারার পর ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। তার পর উল্টে যায়”।
দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। এসে দুর্ঘটনাগ্রস্ত বাস এবং গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সাত সকালে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির জেরেই ঘটেছে এই দুর্ঘটনা।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ও বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। কী কারণে চার চাকা গাড়িটি পাঁচটি সিগন্যাল ভেঙে যাওয়ার চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। বাসচালককেও আটক করেছে পুলিশ।





