ইডির স্ক্যানারে অনুব্রত ঘনিষ্ঠ আরও ৪, দিল্লিতে তলব কেষ্টর প্রিয়জনকে, নাম শুনেই আঁতকে উঠলেন বীরভূমের ‘বেতাজ বাদশা’

কিছুদিন আগেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন গরু পাচার ও সম্পত্তি নয়ছয় করার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। তিনি দীর্ঘদিন ধরে তিহাড় জেলেই ছিলেন যেখানে বর্তমানে জেলবন্দি বীরভূমের জেলা সভাপতি। এবার এরই মধ্যে অনুব্রত ঘনিষ্ঠ আরও চারজনকে দিল্লিতে তলব করল ইডি। বোলপুর পুরসভার কাউন্সিলর, এক আইনজীবী ও দুই পুরসভা কর্মীকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কারা এই চারজন?  

ইডির তালিকায় যোগ গোল কেষ্ট ঘনিষ্ঠ আরও চার নাম যা বেশ তাৎপর্যপূর্ণ। এই চারজনের মধ্যে একজন হলেন বোলপুরের ২২ নম্বর ওয়ার্ডের পুর-প্রতিনিধি শিবনাথ রায় ওরফে ক্যাবলা। অনুব্রত মণ্ডলের ওয়ার্ডেরই কাউন্সিলর ইনি। এছাড়াও তলব করা হয়েছে বোলপুরের আইনজীবী গৌতম হাটি ওরফে তপু, বোলপুর পুরসভার স্যানিটারি বিভাগের কর্মী সুদীপ ভট্টাচার্য ও পরিবহণ বিভাগের কর্মী কাজল মণ্ডলকে। আগামীকাল অর্থাৎ ৩ অক্টোবর এই চারজনকে দিল্লিতে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।

এই চারজনই অনুব্রতর বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত। কোন অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা আদান-প্রদান চলেছে বা কাদের হাত ধরে কাঁচাটাকা চালান হয়েছে, তা জানতে এর আগেও একাধিকবার অনেককে জেরা করেছে ইডি। এবার তাদের তালিকায় যোগ হল নতুন চার নাম। এই চারজনকেও টাকা লেনদেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বলে অনুমান ইডির।

অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে জমি, বাড়ি, পুকুর, চালকল-সহ বহু সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি ক্রয়-বিক্রয়ের টাকার উৎস বা পদ্ধতি খতিয়ে দেখতে গিয়ে স্থানীয় পুর-প্রতিনিধির নাম উঠেছে। সেই কারণে তাঁকে তলব করেছে ইডি।

অন্যদিকে, আইনজীবী গৌতম হাটি অনুব্রতর বিশেষ ঘনিষ্ঠ। তাঁর নানান মামলার কাজেই যুক্ত ছিলেন এই আইনজীবী। আর যে দু’জন পুরকর্মীকে ইডি তলব করেছে, তারা হলেন বোলপুর পুরসভার পুর-প্রধান পর্ণা ঘোষের স্বামী তথা অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের একান্ত অনুগামী।এই সুদীপ্ত ঘোষ অনেক আগে থেকেই ইডির নজরে ছিলেন।

RELATED Articles