খাঁচা থেকে শিম্পাঞ্জি পালাল, হুলস্থূল কাণ্ড আলিপুর চিড়িয়াখানায়, প্রবল আতঙ্ক দর্শকদের মধ্যে

ছোটো খাঁচাতে আর কদ্দিনই বা ভালো লাগে। ইচ্ছা তো হয় একটু এপাশ-ওপাশ ঘুরতে। সেই কারণেই দিব্যি খাঁচা থেকে বেরিয়ে পড়ল বুড়ি। আর সেই কারণে একেবারে হুলস্থূল কাণ্ড পড়ে গেল কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। সপ্তাহের প্রথমদিন যারা চিড়িয়াখানায় ভিড় জমিয়েছিলেন, তাদের মধ্যেও বুড়িকে নিয়ে বেশ আতঙ্ক ছড়ায়।

আলিপুর চিড়িয়াখানায় বেশ কিছুদিন ধরেই বাস বুড়ির। বুড়ি মানে এক শিম্পাঞ্জির। সেখানে তার সঙ্গে থাকে মস্তান ও ছোটু নামের আরও দুই শিম্পাঞ্জিও। প্রথমে শোনা যায়, বুড়ি নাকি খাঁচা থেকে পালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে একটি শিম্পাঞ্জি খাঁচা টপকে পালায়। এর জেরে আতঙ্ক ছড়ায় দর্শকদের মধ্যে। তবে দ্রুতই তাকে খাঁচায় ফিরিয়ে আনা হয়।

মাঝে মধ্যেই শিম্পাঞ্জিরা পাঁচিল টপকে বেরিয়ে পড়ে। এই কারণে তাদের খাঁচার সামনে সৌর বিদ্যুতের বেড়া দেওয়া রয়েছে। কিন্তু সেই সৌর বিদ্যুতের বেড়া টপকে কীভাবে এদিন বুড়ি বেরিয়ে গেল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

চিড়িয়াখানা সূত্রে খবর অনুযায়ী, বুড়ি মাঝে মধ্যেই বেরিয়ে পড়ে বটে। এদিন পাঁচিল টপকানোর সময় প্রথমে সৌর বিদ্যুতের বেড়ায় আটকায়। বেড়ায় খুব হালকা বিদ্যুৎ থাকে। তাই শক লাগলেও কোনও ক্ষতি হয়নি। বিদ্যুতের বেড়ায় লেগে ছিটকে পাঁচিল টপকে চলে আসে বুড়ি।

আজ সকালে ঠিক কী ঘটেছিল?

এর উত্তরে আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর জানান যে বুড়ি নাকি ছোটো থেকেই কিপারদের হাত ধরে খাঁচা থেকে বের হয়। আজ, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ শিম্পাঞ্জিদের খাচায় ঢুকিয়ে দেন কিপাররা। কিন্তু সেই সময় কিপারদের সঙ্গে বেরিয়ে যায় বুড়ি।

সেই সময় দর্শক ছিল খাঁচার সামনে। সেই কারণে প্রবল আতঙ্ক ছড়ায়। তবে সঙ্গে সঙ্গেই বুড়িকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় বলে খবর। পাঁচ মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে চিড়িয়াখানায় আতঙ্ক ছড়ানোর জেরে প্রায় এক ঘণ্টা চিড়িয়াখানার প্রবেশপথ বন্ধ রাখা হয় বলে খবর।

শিপাঞ্জি বুড়ি এমনিতে বেশ মিষ্টি স্বভাবের। তবে সে বেশ দুষ্টুও। আর তার এমন দুষ্টু-মিষ্টি স্বভাবের সঙ্গে চিড়িয়াখানার কর্মীরা বেশ পরিচিত। সেই মতো নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। বুড়ি ও অন্যান্য শিপাঞ্জিদের খাঁচার চারপাশে সৌরবিদ্যুৎ চালিত তার রয়েছে। আবার কাচের আবরণও রয়েছে। এই গণ্ডির মধ্যেই থাকে বুড়ি। মাঝেমধ্যেই তারও একটু বাইরে যেতে ইচ্ছে করে। সেই কারণেই হয়ত আজ এমন কাণ্ড ঘটিয়েছে সে, এমনটাই মনে করা হচ্ছে।

RELATED Articles

Leave a Comment