বর্ষার কোনও দেখা নেই। গোটা রাজ্য পুড়ছে গরমে। বিশেষ করে, দক্ষিণবঙ্গে তো মানুষের নাজেহাল অবস্থা। তীব্র গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়ার কারণে ঘেমে স্নান দক্ষিণবঙ্গবাসী। নির্ধারিত সময়ের পরই বঙ্গে ঢুকবে বর্ষা।
এমন পরিস্থিতিতে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার বাড়ানো হল স্কুলে গরমের ছুটির মেয়াদ। বর্তমান আবহাওয়া পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রায় গোটা জুন মাসই পড়ুয়াদের স্কুলমুখী হতে হবে না বলেই জানা যাচ্ছে।
স্কুলশিক্ষা দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে ১৫ই জুনের বদলে এবার গরমের ছুটি থাকবে ২৬শে জুন পর্যন্ত। অর্থাৎ মোট ১১ দিন বাড়ানো হল গরমের ছুটি। পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখেই সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সূত্রের খবর, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে কথা বলেছেন।
শিক্ষা দফতরের খবর অনুযায়ী, গতকাল, রবিবার পানিহাটির দই-চিঁড়ের মেলায় যে অঘটন ঘটেছে, তার জেরে এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। এদিন তীব্র গরমের জেরে দই-চিঁড়ে মেলায় মৃত্যু হয় তিনজনের। অসুস্থ হয়ে পড়েন একাধিক পুণ্যার্থী। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন।
স্কুল পড়ুয়াদের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী গরমের ছুটি বাড়ানো নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন। এই প্রচণ্ড গরমে স্কুল চললে, স্কুল পড়ুয়াদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে গরমের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।





