রবিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এক ফুটপাতবাসীকে পিষে দিল এক গাড়ি। ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুরের সার্কাস অ্যাভিনিউতে।
কী ঘটেছে ঘটনাটি?
স্থানীয় সূত্রে খবর, সকালে একটি দুধের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকে। ধাক্কার ফলে ওই গাড়ি সোজা উঠে পড়ে ফুটপাতের ওপর। সেই সময় ওই ফুটপাতে নিশ্চিন্তের ঘুমাচ্ছিলেন এক ব্যক্তি। তাঁর গায়ের ওপর উঠে পড়ে গাড়িটি।
গাড়িটি পিষে দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। রক্তাক্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খবর দেওয়া হয় পুলিশকে।
ধাক্কা দেওয়ার পর দুধের গাড়িটি ঘটনাস্থল ছেড়ে চলে যায়। দুধের গাড়িটি কোনদিকে চলে যায়, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থল লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুধের গাড়ির চালককে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা গাড়ির মালিককেও তলব করেছে পুলিশ।






