শওকত মোল্লার ছেলের ক্যাফেতে প্রশাসনের বুলডোজার, কড়া নিরাপত্তায় শুরু ভাঙার অভিযান

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালি এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে ‘অরণ্যের কূলে’ নামে একটি ক্যাফে ভাঙার কাজ। এই ক্যাফেটির মালিক তৃণমূল নেতা ও ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। প্রশাসনের দাবি, মাতলা নদীর চর এবং সেচ দফতরের জমির উপর প্রয়োজনীয় অনুমতি ছাড়াই এই নির্মাণ করা হয়েছিল। আগে থেকেই উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশ মেনেই এদিন অভিযান চালানো হয়।

অভিযানকে ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ক্যানিং মহকুমা পুলিশের আধিকারিকদের পাশাপাশি জীবনতলা থানার পুলিশও পুরো পরিস্থিতির উপর নজর রাখছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণভাবে অভিযান শেষ করার চেষ্টা চলছে।

এই ক্যাফেটি প্রথম বড় করে আলোচনায় আসে শওকত মোল্লা গ্রেফতার হওয়ার পর। ভাঙড় বিস্ফোরণ মামলার তদন্তে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তাঁকে গ্রেফতার করেছিল। তদন্ত চলাকালীন মৌখালি সেতুর কাছে তৈরি এই ক্যাফের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই প্রশাসন জমি ও নির্মাণ সংক্রান্ত নথি খতিয়ে দেখা শুরু করে।

প্রশাসনের দাবি, শওকত মোল্লা বিধায়ক থাকাকালীন সময়েই ক্যাফেটি তৈরি করা হয়েছিল। অভিযোগ, সরকারি জমি ব্যবহার করে নির্মাণ হলেও দীর্ঘদিন সেখানে ব্যবসা চলেছে। পরে ইমরান মোল্লাকে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মহকুমাশাসকের দফতরে হাজির হতে বলা হয়। নথি যাচাইয়ের পর প্রশাসনের দাবি, ওই জমিতে নির্মাণের কোনও বৈধ অনুমোদন পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, সিসিটিভি ভিডিও প্রকাশ করে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ

এরপর মহকুমাশাসকের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙার সিদ্ধান্ত কার্যকর করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ভারী যন্ত্র দিয়ে ক্যাফের বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনের বক্তব্য, সরকারি জমি দখল করে তৈরি হওয়া কোনও বেআইনি নির্মাণই ছাড় পাবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযানে একইভাবে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

আরও অন্যান্য খবর