আজ, সোমবারই কলকাতায় পা রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিকেলে বিশেষ বিমানে ছত্তিসগড় থেকে কলকাতায় আসেন তিনি। কলকাতায় পা রেখেই সোজা চলে যান সন্তোষ মিত্র স্কোয়ারে। সেখানকার পুজো উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সজল ঘোষ-সহ অন্যান্যরা। সেখান থেকেই নানান বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের থিম অযোধ্যার রাম মন্দির। এখনও অয্যোধ্যায় রামমন্দির উদ্বোধন হয়নি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাম মন্দিরের দ্বার ভক্তদের জন্য খুলে যাওয়ার কথা। তবে অযোধ্যার আগেই রামমন্দির উদ্বোধন হল খাস কলকাতায়। আর তা হল অমিত শাহ্’র হাত ধরে।
শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। ঢাকে পড়েছে কাঠি। দিকে দিকে এখন শুধু পুজোর গন্ধ। দেবী দুর্গার মর্ত্যে আগমনের অপেক্ষা বঙ্গবাসী। ইতিমধ্যেই বড় বড় মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। আজ উদ্বোধন হলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর। এদিন উদ্বোধন করে অমিত শাহ বলেন, “এই ৯ দিন পশ্চিমবঙ্গের জন্য দীপাবলির থেকেও বড় উৎসব। গোটা বাংলায় মণ্ডপে মণ্ডপে দেবীর পুজো হয়। শক্তির আরাধনা হয়”।

এদিন সন্ধ্যেয় আলোয় আলোয় সেজে ওঠে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ। মণ্ডপ সজ্জা দেখে মুগ্ধ হন অমিত শাহ। পুজোর উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, “আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য। অযোধ্যায় রামমন্দিরের দরজা খোলার আগেই উত্তর কলকাতা রামমন্দির নির্মাণ করে ফেলল। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ দিতে চাই। রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে”।
অমিত শাহ বলেন, পুজোর উদ্বোধনে এসে তিনি কোনও রাজনৈতিক কথা বলবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, “পশ্চিমবঙ্গে আমি আসব। রাজনীতির কথাও বলব। কিন্তু আজ নয়। জানুয়ারি মাসে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করা হবে। তার আগেই আজ উত্তর কলকাতার মণ্ডপে রামমন্দিরের উদ্বোধন করে ফেলেছেন কলকাতাবাসী। এর জন্য আমি তাঁদের অভিনন্দন জানাচ্ছি”।





