বাংলায় বিধানসভা নির্বাচন হতে এখনও পাঁচ-ছয় মাস বাকি। কিন্তু যুদ্ধের ডঙ্কা বেজে গেছে। বড্ড শক্ত গড় পশ্চিমবঙ্গ আর তাই লড়াই জিততে ইতিমধ্যেই জোর দমে প্রচার শুরু করে দিয়েছে বিজেপি (BJP)। বাংলায় বিজেপি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দু’দিনের সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (home Minister) তথা বিজেপির চাণক্য অমিত শাহ (Amit Shah)।
বাঙালির মন জিততে সফরের দ্বিতীয় দিনে প্রথমেই আজকে দক্ষিণেশ্বর মন্দিরে গেছেন তিনি। বাঙালির বড্ড আবেগের জায়গা দক্ষিনেশ্বর থেকেই বাংলায় বিজেপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
দক্ষিনেশ্বরে কালী মায়ের মন্দিরে পুজো দেওয়ার পর সোজা রওনা হন ধ্রুপদী সঙ্গীতজ্ঞ পন্ডিত অজয় চক্রবর্তীর (Pandit Ajoy Chakraborty) বাড়ির উদ্দেশ্যে। সেখানে শিশুদের গান শোনেন স্বরাষ্ট্র মন্ত্রী। অত্যন্ত আপ্লুত পন্ডিত অজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘হিন্দীভাষীদের জন্য আমি একটাই কথা বলতে চাই, আপনারা সবাই আমার প্রণাম নেবেন, শুভ বিজয়া। হ্যাপি দশেরা। আজ অমিত শাহ আমাদের এখানে এসেছেন।’
সেইসঙ্গে এই বিশিষ্ট বঙ্গীয় সঙ্গীতজ্ঞ জানিয়েছেন, ‘আমি ভীষণ চিন্তায় ছিলাম। এত বড় একজন মানুষ আমার মত এত ছোট একজন সঙ্গীতজ্ঞের কাছে আসবেন। আমি কীভাবে তাঁর সেবা করতে পারি, সেই চেষ্টায় ছিলাম।’
‘কারণ দেখুন, পশ্চিমবাংলায় সংস্কৃতি শেখায় অতিথির সেবা করা। অতিথিকে যথাযথ আপ্পায়ন করা। বাংলা হল ভালবাসার খনি। এই সভ্যতা-সংস্কৃতি বাংলায় চিরকালই ছিল। তাই ওঁ এসেছে আমার কাছে, আমি সেবা করার চেষ্টা করেছি। উনি কিছুই তেমন খাননি। খুব সামান্যই নিয়েছেন। আর এখানে এসে বাচ্চাদের গান শুনে ভীষণ খুশি হয়েছেন অমিত শাহ।’ তবে অমিত শাহের ব্যবহারে বেশ খুশি হয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং তাঁকে দিল্লিতে তাঁর নিজ বাসভবনে আমন্ত্রণ জানিয়ে গেছেন।
‘দিল্লিতে আসলে আমাদের ঘরে আসবেন’ পন্ডিত অজয় চক্রবর্তীকে বলে গিয়েছেন অমিত শাহ। এমন নয়, যে কোনও পার্টি অফিস বা অন্য কোথাও, দিল্লিতে এলে ওঁর ঘরে যাওয়ার নিমন্ত্রন করে গিয়েছেন অমিতজি’ বলে জানালেন পন্ডিত অজয় চক্রবর্তী।





