শুক্রবার আইপিএলের এলিমিনেটরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেললেন না ঋদ্ধিমান সাহা। এদিন টসের সময় সানরাইজার্স অধিনায়ক ওয়ার্নার জানিয়ে দেন চোটের কারণে খেলছেন না ঋদ্ধিমান সাহা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তার পরিবর্তে হিসেবে দলে নেওয়া হয়েছে বাংলারই আর এক উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামীকে। তবে ঋদ্ধির না খেলা ভোগালো হায়দ্রাবাদকে। শ্রীবৎস শূন্য রানেই ফিরে যান।
এদিন ম্যাচে ১৩১ রান করে আরসিবি। অধিনায়ক বিরাট কোহলি সহ গোটা ব্যাটিং লাইন আপই ব্যর্থ। ব্যতিক্রম এবি ভিলিয়ার্স, একা টিকে থেকে ৪৩ বলে ৫৬ রান করেন এবিডি। জবাবে ব্যাট করতে নেমে ৬৭ রানে চার উইকেট হারিয়ে বসে হায়দ্রাবাদ। ঋদ্ধির অভাব স্পষ্ট দলে। ওয়ার্নার ও ঋদ্ধির সেট ওপেনিং জুটি ভেঙে ক্ষতিই হল দলের। নিজের দলের দরকারে ওপেনিংয়ে নেমে ম্যাচ জেতানো ইনিংস খেলতে ওস্তাদ ঋদ্ধি।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততেই হত সানরাইজার্স হায়দ্রাবাদকে। অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ৫৮ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন ঋদ্ধিমান। শুধু এই ম্যাচেই নয়, এইবারের আইপিএলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বড় ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিয়েছেন টেস্ট ছাড়াও স্বল্প ওভারের ক্রিকেটেও তিনি সফল হতে পারেন।





