গড়িয়া শ্মাশানকাণ্ডের ফলে যথেষ্ট মুখ পুড়েছে রাজ্য প্রশাসনের। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় পুরসভার একটি গাড়ি থেকে আঁকশি দিয়ে টেনে নামানো হচ্ছে বেওয়ারিশ লাশ। এরপরই প্রতিবাদে মুখর হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। জোর সমালোচনার মুখে পড়ে প্রশাসন। এরপরেই রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, এবার থেকে অজ্ঞাতপরিচয় মরদেহ কাঁচে ঢাকা গাড়িতে করে নিয়ে গিয়ে সৎকার করা হবে।
নতুন পদ্ধতিতে বৃহস্পতিবার প্রথম কলেজ স্ট্রিটের পুলিশ মর্গ থেকে এমন পাঁচটি দেহ নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রের খবর, তাঁদের হেফাজতে এখনও এমন প্রায় দেড়শো দাবিদারহীন দেহ রয়েছে। উল্লেখ্য এই পরিচয়হীন দেহগুলি হাসপাতালের মর্গে সাত দিন রেখে দেওয়া হয়। তার মধ্যে কেউ এসে দেহ দাবি না করলে আদালতের অনুমতি নিয়ে তা সৎকার করা হয়। আগের ব্যবস্থা অনুযায়ী, একসঙ্গে দশ-বারোটি মরদেহ নিয়ে যাওয়া হত। ফলে, কোনও কোনও দেহ বহু দিন পর্যন্ত মর্গে পড়ে থাকত। পুলিশ বা পুরসভার গাড়িতে একসঙ্গে একাধিক দেহ তুলে নিয়ে যাওয়া হত ধাপায়। সকলের চোখের আড়ালে দেহগুলি সৎকার করা হত।
অপরদিকে, সম্প্রতি ধাপায় করোনাভাইরাসে মৃতদের দেহ সৎকার শুরু হওয়ার পরে দাবিদারহীন দেহগুলি অন্য শ্মশানে সৎকারের সিদ্ধান্ত নেয় পুরসভা। এদিকে গড়িয়া শ্মাশানকাণ্ডের পরপরই বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়, দাবিদারহীন দেহগুলি এ বার থেকে ভাল করে কাপড়ে মুড়ে কাঁচে ঢাকা গাড়িতে করে নিয়ে গিয়ে সৎকার করা হবে। এই কাজের দায়িত্ব দেওয়া পেয়েছে হিন্দু সৎকার সমিতি।’





