বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার জের, রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করার আবেদন কলকাতা হাইকোর্টে, মিলল অনুমতি

পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী। আজ, বুধবার রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনস্বার্থ মামলা করতে চেয়ে আবেদন জানালেন তিনি।

আদালতে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। রাজ্যের সিদ্ধান্ত বাতিলের আর্জি জানানো হয়েছে। চলতি সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

গত সোমবার পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবি নিয়ে মন্তব্য করে মমতা বলেন, “এই কেরালা স্টোরি, কাশ্মীর ফাইলস কিছু মানুষকে অসম্মান করার জন্য়ই তৈরি হয়। আমি সিপিআইএমকে সমর্থন করছি না। আমি মানুষের কথা বলছি। আমি সিপিএম পার্টির কথা বলছি না। কারণ, তাঁরা বিজেপির সঙ্গে কাজ করছে। এটার সমালোচনা তো তাঁদেরই করা উচিত। কিন্তু তাঁরা তো বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। আমি সে রাজ্য়ের মুখ্যমন্ত্রীকে বলব, তাঁর পার্টি বিজেপিকে সাহায্য করছে। আর সেই কারণেই কেরালা স্টোরি তৈরি হচ্ছে বিকৃত তথ্য নিয়ে”।

এই ছবিটি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন ছবির নির্মাতারা। অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন তারা। তবে যতই বাধা আসুক না কেন ব্যবসায়িক সাফল্যের নিরিখে প্রায় মাত্র ৩ দিনেই গোটা দেশে এই ছবি ৩৫ কোটির গণ্ডি পার করে ফেলেছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গই প্রথম রাজ্য যেখানে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হয়েছে। তামিলনাড়ু ও কেরলে এই ছবিকে ঘিরে বিক্ষিপ্তভাবে অশান্তি চলছে। কেরলের বেশিরভাগ প্রেক্ষাগৃহেই এই ছবিকে স্থান দেওয়া হয়নি।

এই ছবি পরিচালক সুদীপ্ত সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছেন যাতে তিনি ছবিটি দেখে তারপর কোনও সিদ্ধান্তে নেন। তিনি বলেন, “ছবিটি দেখলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্বই হবে বাঙালি হয়ে একজন এমন ছবি বানাতে পেরেছে ভেবে”।

RELATED Articles