লটারির টিকিট নিয়ে জালিয়াতির অভিযোগ উঠল। আর এই প্রতারণার ফাঁদে ফেঁসে গেলেন আসানসোলের সিভিক ভলান্টিয়ার। নকল লটারির টিকিট দেখিয়ে লটারি বিক্রেতা সিভিক ভলান্টিয়ারের থেকে সাড়ে ৪ লক্ষ টাকা নিয়ে চম্পট দিলেন প্রতারক। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে শ্রীপুর ফাঁড়িতে। প্রতারকের খোঁজ চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, রানিগঞ্জের এই সিভিক ভলান্টিয়ার গঙ্গারাম জে কে নগর অঞ্চলের বাসিন্দা। দীর্ঘ সময় ধরে সিভিক ভলান্টিয়ারের কাজ করছেন ওই ব্যক্তি। ছুটির পর জে কে নগর মোড় এলাকায় লটারি টিকিট বিক্রি করেন তিনি।
তিনি জানান, গত ২৪ এপ্রিল সন্ধ্যার সময় এক ব্যক্তি রাজেশ কুমারের দোকানে আসেন। তিনি নিজেকে বর্ধমানের বাসিন্দা বলে পরিচয় দেন। তিনি দাবী করেন যে তিনি ৫০টি লটারির টিকিটে মোট সাড়ে ৪ চার লক্ষ টাকা জিতেছেন। টিকিট মিলিয়ে গঙ্গারাম দেখেন সত্যিই সেই টিকিটের নম্বরের সঙ্গে মিল রয়েছে।
সেই কারণে নিয়মমাফিক ওই লটারি টিকিটের মালিককে সঙ্গে নিয়ে আসানসোলের লটারি এজেন্সির কাছে যান গঙ্গারাম। ওই টিকিটটি জমা দেন গঙ্গারাম। সেই টিকিটটি দেখে ওই টিকিটের মালিককে সাড়ে ৪ লক্ষ টাকা দিয়ে দেন তারা।
কিন্তু এরপরই ঘটে বিপত্তি। ওই সিভিক ভলান্টিয়ারের কাছে খবর আসে যে ওই বর্ধমানের গ্রাহক যিনি নিজেকে লটারির টিকিটের মালিক বলে পরিচয় দিয়েছিলেন, তার সেই টিকিটটি নকল। ওই টিকিটে যে নম্বর রয়েছে, সেই নম্বর থেকে আরও একটি টিকিট ইস্যু করা হয়েছে বলে জানা যায়। এই গোটা ঘটনাটি ঘটে জামুরিয়া থানার শ্রীপুর এলাকায়। এই ঘটনার কথা জানিয়ে শ্রীপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন রানিগঞ্জ থানার ওই সিভিক ভলান্টিয়ার।





