অভিনব উপায়ে ব্যাংক জালিয়াতি, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

আপনার অ্যাকাউন্ট থেকেই লক্ষ লক্ষ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাচ্ছে কিন্তু আপনি জানতেও পারছেন না! সম্প্রতি এরকমভাবেই গ্রাহকদের প্রতারণা করার অভিযোগে খড়দার এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।

সল্টলেকের বেসরকারি ব্যাঙ্কের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ কোটি টাকা তছরুপের অভিযোগে সমীরণ সাহাকে আটক করেছে পুলিশ। ধৃতের অ্যান্টিক জিনিসের ব্যবসা রয়েছে।

তবে পুলিশের ধারণা যে সমীরণ এই ঘটনায় একা যুক্ত তা নয়। এর সঙ্গে আরও অনেকেই জড়িত আছে। পুলিশ এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গত ৩০ শে জুলাই‌ সল্টলেক সেক্টর ফাইভ এর একটি বেসরকারি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার থানায় অভিযোগ জানান যে তাঁদের বাগুইআটি ব্রাঞ্চে একজন গ্রাহকের একাউন্ট থেকে প্রায় তিন কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। বিধাননগরের সাইবার ক্রাইম থানার পুলিশও তদন্তে যোগ দেয়। তদন্ত থেকে যা তথ্য উঠে আসে তা জানতে পেরে পুলিশের চক্ষু চড়কগাছ হয়ে যায়। গ্রেফতার করা হয় খড়দার ওই বাসিন্দাকে।

তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, অভিযুক্ত প্রথমে ব্যাংকের গ্রাহকদের সমস্ত তথ্য সংগ্রহ করত। এরপর ওই ব্যাংকের গ্রাহক পরিচয় দিয়ে ব্যাংকে সমস্ত তথ্য জানাত এবং বলতো যে তার ব্যাংকের এসএমএস অ্যালার্ট নম্বর ও ইমেল আইডি বদলাতে হবে। সেইমতো ফোন নম্বর ও ই-মেইল আইডি বদলালেই ওই ব্যাংকেরই অ্যাপ ডাউনলোড করে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নিতেন অভিযুক্ত। যেহেতু আগেই এসএমএস অ্যালার্ট নম্বর বদলে যেত, ফলে সেই গ্রাহকও কিছুই জানতে পারতেন না।

এখন প্রশ্ন হচ্ছে যে অভিযুক্ত প্রথমেই কী করে গ্রাহকদের সমস্ত তথ্য জোগাড় করতেন? তবে কি ব্যাংকের কেউ অভিযুক্তের সঙ্গে যুক্ত? পুলিশ এই ব্যাপারটি খতিয়ে দেখেছে।

RELATED Articles

Leave a Comment