আরেক পুরোহিত করোনা পজিটিভ, রাম মন্দিরের ভূমি পুজো ঘিরে বাড়ছে আশঙ্কা

রামমন্দিরে আরো একবার করোনা হানা! মন্দিরের আরেক সেবায়েতের করোনা রিপোর্ট সম্প্রতি পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। মন্দিরের সেবায়েতদের যে দলটি প্রাত্যহিক পুজোপাঠ করেন, তাদের মধ্যেই একজন প্রেমকুমার তিওয়ারির করোনা পজিটিভ এসেছে। আর ২৪ ঘণ্টাও বাকি নেই ভূমি পুজো শুরু হতে, এর মধ্যেই এই খবর চিন্তা বাড়িয়েছে রাম মন্দির ট্রাস্টের। করোনা পরিস্থিতিতে কীভাবে সাবধানতা বজায় রাখা হবে তা নিয়ে চিন্তিত প্রশাসন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাম মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস জানিয়েছেন যে তিনি বিষয়টি নিয়ে একটু হলেও চিন্তিত। সমগ্র পরিস্থিতিতে যে আরও সাবধানতা প্রয়োজন সেকথাও জানিয়েছেন রামমন্দিরের প্রধান পুরোহিত। তিনি বলেন, “মন্দিরের একই জায়গায় আমরা সকলেই থাকি। আমার অন্যান্য কিছু শারীরিক সমস্যাও রয়েছে। আমার বয়সও তো কম নয়।” গোটা ঘটনায় দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাম মন্দির ট্রাস্টের সদস্যদের কপালে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই সত্যেন্দ্র দাস এর সহকারী পুরোহিত প্রদীপ দাসের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। একই সঙ্গে করোনা পজিটিভ ধরা পড়ে ১৬ জন পুলিশকর্মীর। তাঁরা প্রত্যেকেই মন্দির চত্বরে প্রহরার কাজে নিযুক্ত ছিলেন।

ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষের বেশিরভাগ সদস্য সেবায়েতের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানেই এক এক করে করোনা পজিটিভ বেরোচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে ১৭৫জন ভিভিআইপি সদস্য নিয়ে কি রাম মন্দিরের ভূমি পুজো করা সম্ভব? বাতাসে ঘুরছে এরকমই প্রশ্ন।

অযোধ্যার এক উচ্চপদস্থ আধিকারিক বলেন যে, “আমরা করোনা পরীক্ষাসহ বিভিন্ন সাবধানতা অবলম্বন করছি তাই এই অনুষ্ঠানে কোনোরকম ঝুঁকি নেই।” আবার রাম মন্দির কমিটির সদস্য প্রকাশ শর্মার বক্তব্য, “এর আগে এপ্রিলে নির্বিঘ্নে রামনবমী পালন হয়েছে, ঈদ পালন হয়েছে তাহলে এক্ষেত্রে অসুবিধা কোথায়?”

৫ আগস্টের অনুষ্ঠানের মঞ্চে হাজির থাকবেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। এছাড়াও হাজির থাকবেন হেভিওয়েট বিজেপি নেতা-মন্ত্রীরা। এখন এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব সহ সমস্ত নিরাপত্তা বিধি মেনে কী করে এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করবে রাম মন্দির ট্রাস্ট সেটাই দেখার।

RELATED Articles

Leave a Comment