রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর সল্টলেকে বর্তমান ম্যাগাজিনস প্রাইভেট লিমিটেডের দখলে থাকা লিজপ্রাপ্ত জমির ব্যবহার নিয়ে একাধিক অভিযোগ তুলে শোকজ নোটিস জারি করেছে। সরকারের দাবি, লিজ চুক্তির বিভিন্ন শর্ত মানা হয়নি এবং নির্ধারিত উদ্দেশ্যের বাইরে জমি ও ভবনের ব্যবহার করা হয়েছে। তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে সংস্থাকে। সন্তোষজনক ব্যাখ্যা না মিললে জমির লিজ বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নোটিস অনুযায়ী, ১৯৯১ সালে আধুনিক প্রিন্টিং প্রেস গড়ে তোলার জন্য সল্টলেকে জমি লিজ দেওয়া হয়েছিল। পরে জমি বিনিময়ের মাধ্যমে বর্তমান ম্যাগাজিনস সেক্টর ২-এর ডিকে ০৩ প্লটে নতুন জমি পায় এবং সেখানে একটি ১০ তলা ভবন নির্মাণ করা হয়। তবে সম্প্রতি সরকারি পরিদর্শনে দেখা যায়, ভবনের একটি সীমিত অংশে মুদ্রণ সংক্রান্ত কাজ চলছে, আর বাকি অংশ অন্য কাজে ব্যবহৃত হচ্ছে অথবা খালি পড়ে রয়েছে।
সরকারের আরও অভিযোগ, সংস্থাটি বিভিন্ন সময়ে বড় অঙ্কের ঋণ নিয়েছে এবং সেই ঋণের ক্ষেত্রে সরকারি জমির লিজহোল্ড স্বত্ব বন্ধক রাখা হয়েছে। প্রিন্টিং প্রেসের উন্নয়ন ও ব্যবসার প্রয়োজনে ঋণ নেওয়া হলেও সেই অর্থের ব্যবহার সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি বলে দাবি দফতরের। পাশাপাশি জমি ও ভবনের কিছু অংশ অন্য উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।
তদন্তে জানা গিয়েছে, ভবনের কয়েকটি তলায় বেসরকারি সংস্থার অফিস চালানোর অনুমতি চাওয়া হয়েছিল এবং কিছু ক্ষেত্রে ভাড়া দেওয়ার প্রস্তাবও জমা পড়ে। এ সংক্রান্ত নির্দিষ্ট অর্থ জমা না দেওয়ার অভিযোগও রয়েছে। সরকারের দাবি, অনুমোদনের আগেই কিছু ইউনিট ব্যবহার করা হয়েছে, যা নিয়ে অডিট পর্যায়েও প্রশ্ন উঠেছে। পরে ভাড়াটেরা সরে গেলেও অভিযোগ পুরোপুরি মেটেনি বলে মনে করছে প্রশাসন।
আরও পড়ুনঃ ভাড়া বাড়িতে স্কুলড্রেস-শাড়ি থেকে বিপুল ত্রিপল-ধুতি উদ্ধার! ত*ল্লাশির পর গ্রেফতার তমলুকের তৃণমূল কাউন্সিলর, রহস্যময় এই সামগ্রীর নেপথ্যে কী লুকিয়ে, কোন সূত্র ধরেই বা এগোচ্ছে তদন্ত?
এছাড়াও, একটি বেসরকারি আর্থিক সংস্থার সঙ্গে পূর্বানুমতি ছাড়া চুক্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তদন্তে ভবনের একটি তলায় সংশ্লিষ্ট গোষ্ঠীর কার্যকলাপের প্রমাণও মিলেছে বলে দাবি সরকারের। সব মিলিয়ে লিজ চুক্তির একাধিক ধারা ভঙ্গের অভিযোগ তুলে বর্তমান ম্যাগাজিনসকে দ্রুত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এখন নজর সংস্থার জবাব এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে।






