রাজনৈতিক অঙ্গনে হঠাৎই চাঞ্চল্যের সৃষ্টি করেছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটির ঘোষণা। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য নেতৃত্বে গঠিত ৩৫ সদস্যের এই কমিটিতে অনুপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনই নতুন ও পুরনো নেতাদের সমন্বয়ও দেখানো হয়েছে। কমিটির ঘোষণার আগে থেকেই রাজনৈতিক মহলে আলোচনা চলছিল, কিন্তু তালিকা প্রকাশের পর সেই উত্তেজনা আরও বাড়েছে।
প্রথম দিক থেকেই জানা গেল যে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম এই ৩৫ সদস্যের কমিটিতে নেই। শুধু দিলীপ ঘোষ নন, রাজ্য কমিটিতে স্থান হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও। এই বিষয়টি দিলীপ অনুগামীদের মধ্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি করেছে।
অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার বর্ষীয়ান নেতা তাপস রায়কে শুধু কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং তাঁকে দেওয়া হয়েছে রাজ্য সহ-সভাপতির পদ। রাজ্য কমিটিতে পুরনো নেতাদের প্রত্যাবর্তনও নজর কেড়েছে। বিশেষ করে তনুজা চক্রবর্তীর পুনর্বাসন উল্লেখযোগ্য, একসময় মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী থাকলেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন না। এবার শমীক ভট্টাচার্যের নেতৃত্বে তাঁকে রাজ্য সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজ্য কমিটির নতুন রূপে পুরনো নেতাদের আধিক্য স্পষ্ট। ৩৫ জনের মধ্যে ৭ জন মহিলা সদস্য থাকায় প্রায় ২০ শতাংশ নারী নেতৃত্বের স্থান পেয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে বিজেপি আদি-নব্য নেতৃত্বের মধ্যে ভারসাম্য আনতে চাইছে, যা রাজ্য রাজনীতির দিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বাংলায় এসে দিলীপ ঘোষকে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছিলেন। তবে সেই সক্রিয়তা থাকা সত্ত্বেও কমিটিতে তাঁর নাম না থাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ SIR : যে নথি দেখিয়ে শুনানিতে হাজির হয়েছিলেন ভোটাররা, সেই ডোমিসাইলই এবার প্রশ্নের মুখে—এসআইআর নিয়ে বাড়ছে উদ্বেগ!
গত বছরের জুলাই মাসে শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দুর্গাপুজোর আগেই রাজ্য কমিটি ঘোষণা হওয়ার কথা থাকলেও নেতৃত্বের মধ্যে টানাপোড়নের কারণে তা কয়েকবার স্থগিত হয়েছিল। শেষ পর্যন্ত বিধানসভা ভোটের আগে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করায় রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, নতুন কমিটি গঠন কিভাবে বঙ্গ রাজনীতিতে প্রভাব ফেলে এবং পুরনো-নতুন নেতাদের ভারসাম্য কতটা সফল হয়।





