পুজোর মুখে বড় দুর্যোগ বঙ্গে, আগামী ৪৮ ঘণ্টা প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা, আশঙ্কার খবর শোনাল হাওয়া অফিস

নির্দিষ্ট সময় অর্থাৎ বর্ষাকালে সেভাবে বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গের মানুষ। আর এখন বর্ষার বিদায়ের সময় পুজোর ঠিক মুখে প্রবল বর্ষণে ভাসছে বাংলা। এর জেরে বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিন ধরে আকাশের মুখভার। দেখা মেলেনি রোদের। এরই মধ্যে এবার আশঙ্কার খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।

কী জানাল হাওয়া অফিস?

পুজোর আর হাতেগোনা কিছুদিন বাকি মাত্র। এরই মধ্যে গত শনিবার থেকে নিম্নচাপের জেরে রাজ্যের নানান জেলায় শুরু হয়েছে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে ঝাড়খণ্ড ও ছত্তিসগড়ে। ছত্তিসগড় থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এর প্রভাবেই আগামী বৃহস্পতিবার পর্যন্ত বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবারের আগে আবহাওয়ার উন্নতি হবে না বলেই জানাল আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, বুধবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে। বৃহস্পতিবারও বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে।

উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে?

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আজ, মঙ্গলবার কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে। আগামীকাল, বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস। দার্জিলিং কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবারও আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে খবর।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles