তৃণমূলের সঙ্গে বিজেপির একেবারে সাপে-নেউলে সম্পর্ক। এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ। এতদিন পর্যন্ত এই লড়াইটা পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকলেও আস্তে আস্তে তা রাজ্যের সীমানা ছেড়ে বেরোচ্ছে।
ত্রিপুরাতে তৃণমূলের সঙ্গে সংঘাতের পথে গেল বিজেপি। রবিবার আগরতলায় রবীন্দ্র ভবনের সামনে জনসভা করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর। কিন্তু তার আগেই তাতে বাধা দিয়ে দিল বিপ্লব দেব সরকার। তারা চিঠি দিয়ে তৃণমূল নেতৃত্বকে জানিয়েছে যে সভাস্থল পরিবর্তন করতে হবে। ত্রিপুরায় যুব তৃণমূলের আহ্বায়ককে পশ্চিম আগরতলা থানার তরফে পাঠানো চিঠিতে একাধিক কারণ দেখানো হয়েছে। বলা হয়েছে, করোনা বাড়ছে। এই পরিস্থিতিতে প্রচুর মানুষ এক সঙ্গে জড়ো হলে সংক্রমণ মাত্রা ছাড়াতে পারে। এছাড়া রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠান উপলক্ষে প্রচুর পুলিশ ইতিমধ্যেই মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই অভিষেকের জনসভার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হবে না। পাশাপাশি ত্রিপুরায় সাম্প্রতিক হিংসার ঘটনার কথাও উল্লেখ রয়েছে পুলিশের চিঠিতে।
তৃণমূলের স্পষ্ট বক্তব্য এই ভাবে আটকে রাখা যাবে না তৃণমূল কে। ত্রিপুরাতে তৃণমূল নিজের রাজত্ব বিস্তার করেই ছাড়বে এবং বিপ্লব দেব সরকারকে উৎখাত করাই তৃণমূলের মূল উদ্দেশ্য। এখন আগামীকাল কী হয় সেটাই দেখার।






