রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) অপমানজনক মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। সেই নিয়ে বিতর্ক এখনও থামেনি। রাজ্য বিধানসভার (Assembly) শীতকালীন অধিবেশনে (Winter Session) এই ইস্যু নিয়ে যে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। আর হলও তাই। এদিন অখিল গিরির মন্তব্যের প্রতিবাদ (protest) করে তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবী জানিয়ে মুলতুবি প্রস্তাব ও পরে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)।
যেমনটা স্থির ছিল, তেমনই হল। রাষ্ট্রপতি নিয়ে অখিল গিরির মন্তব্যের পরিপ্রেক্ষিতে আলোচনা চেয়ে বিরোধীরা বিধানসভা অধিবেশনে প্রস্তাব আনেন। কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেন। এরপরই বিজেপি বিধায়করা মুলতুবি প্রস্তাব আনেন। কিন্তু সেটাও খারিজ করে দেন স্পিকার। আর অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান তিনি।
এরপরই বিজেপির মহিলা বিধায়কদের নেতৃত্বে বিধানসভার পোর্টিকোয় নেমে বিক্ষোভ দেখান বিরোধীরা। সামনের সারিতে ছিলেন আদিবাসী ও মহিলা বিধায়করা। ছিলেন অগ্নিমিত্রা পল, মালতী রাভারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি নিয়ে স্লোগান তোলেন তাঁরা।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে এমন কুরুচিকর মন্তব্য করার পরও অখিল গিরিকে কেন মন্ত্রিসভায় রাখা হয়েছে। শুভেন্দুর দাবী, “গ্রেফতারির বিষয়টা আদালত দেখবে। তা নিয়ে আমরা কিছু বলছি না। কিন্তু মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা তো মুখ্যমন্ত্রীর হাতে। তিনি কেন বরখাস্তের সিদ্ধান্ত নিচ্ছেন না? আমাদের এই দাবি জারি থাকবে”।
রাষ্ট্রপতিকে তৃণমূল নেতার অপমানজনক মন্তব্য করার ইস্যু নিয়ে আজ কর্মসূচিও রয়েছে বিজেপির। শহরে প্রতিবাদ মিছিল করবেন বিজেপি মহিলা মোর্চা। মুরলীধর সেন লেনের সামনে জমায়েত হচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হাঁটবেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পালরা। অখিল গিরিকে বরখাস্ত করার দাবী তুলবেন তারা। এর জেরে সব মিলিয়ে রাষ্ট্রপতিকে অখিল গিরির অপমানজনক মন্তব্য করার জেরে বিধানসভার শীতকালীন অধিবেশন যে উত্তপ্ত থাকবে, তা বেশ স্পষ্ট।





