ফুটবল বিশ্বকাপে ভারত নেই। কিন্তু তাতে কী! মেসি, রোনাল্ডো, নেইমার তো রয়েছেন। ফুটবল বিশ্বকাপে মেতে উঠেছে গোটা ভারত। ক্রিকেটপ্রেমী দেশ এখন ফুটবল বিশ্বকাপে মজেছে। আর এই ফুটবল বিশ্বকাপের জন্যই এক অকল্পনীয় ঘটনা ঘটিয়ে ফেললেন কয়েকজন বন্ধু।
কাতারে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য ভারত থেকে বহু মানুষই পাড়ি দিয়েছেন। পাড়ায় পাড়ায় এখন ঝুলছে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, জার্মান নানান দেশের পতাকা। সঙ্গে মেসি, রোনাল্ডোর কাটআউট তো রয়েছেই। এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে এক উন্মাদনার খবর সামনে এল কেরালা থেকে। একসঙ্গে বসে ফুটবল বিশ্বকাপ দেখার জন্য ২৩ লক্ষ টাকা দিয়ে আস্ত একটা বাড়িই কিনে ফেললেন ১৭ জন বন্ধু।
সূত্রের খবর, কোচির কাছে মুন্ডক্কামুগল গ্রামের ১৭ জন ফুটবলপ্রেমী ২৩ লক্ষ টাকায় একটি বাড়ি কিনেছেন। একসঙ্গে হইচই করে খেলা দেখতেই এই উদ্যোগ। সেই বাড়ি সেজে উঠেছে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগালের পতাকা এবং মেসি, রোনাল্ডো, নেইমার, এমবাপেদের ছবিতে। এদিকে শুধু ১৭ ফুটবলপ্রেমীই নয়, এই বাড়িতে এসে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পারবেন মুন্ডক্কামুগল গ্রামের যে কেউ। গ্রামের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই বাড়িতে বসে খেলা দেখার জন্য।
জানা গিয়েছে, ওই ১৭ জন বন্ধু গত ১৫-২০ বছর ধরে একসঙ্গে ফুটবল দেখা দেখেন। ১৭ জনই ফুটবল অন্ত প্রাণ বলা যায়। সেই কারণে এবার বিশ্বকাপের মরশুমে ২৩ লক্ষ টাকা দিয়ে সকলে মিলে একটি ‘খেলাঘর’ কিনে নিলেন।
এই বাড়ি কেনা নিয়ে শফির পিএ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, “আমরা ফিফা বিশ্বকাপ ২০২২-এর জন্য বিশেষ কিছু করব ভেবেছিলাম। এর মধ্যেই এই বাড়িটির খোঁজ পান। বাড়িটি বিক্রি করা হবে জেনে সকলে মিলে তা কিনে ফেললাম”। খেলা দেখার জন্য একটি বড় টিভিও তারা কিনেছেন বলে জানা গিয়েছে।





