সোমবার খুশির ইদ। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার ঘরে বসেই পালিত হবে ইদ উৎসব। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাতর কন্ঠে আবেদন করেছেন যাতে এবার কেউ বাড়ির বাইরে না বেরিয়ে ঘরে থেকেই ইদ পালন করেন। ইদে সবার কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষারও বার্তা দেন তিনি। এমনকী ইদে মুসলিমদের ঘরে রাখতে বিজেপির ভয়ও দেখান তিনি। এখানেই শুরু হয়েছে সমালোচনা।
এদিন মমতা বলেন, ‘তেলেনিপাড়া, টিকিয়াপাড়া দেখেছেন তো? বিজেপি ওৎ পেতে বসে আছে ভিডিয়ো করবে বলে। কখন একটা শকুনি মরবে আর সেই শকুনির মাংস খাবে।’ এই কথার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন বিজেপি নেতৃত্ব।
এইবছর ইদে বাড়ির বাইরে কেন বেরোনো উচিৎ নয় তা বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী। বলেন, আমাকে যদি এতটুকুও ভালোবেসে থাকেন, ভরসা করেন, দয়া করে এবার ইদে বাড়িতে থাকুন নইলে আপনাদের সম্প্রদায়ের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে।
ইদে সাম্প্রদায়িক উসকানি থেকেও সবাইকে সতর্ক করেন মমতা। বলেন, ‘সব মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির সমর্থক নন।’
গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় মুসলিমরা লকডাউন মানছেন না বলে অভিযোগ ওঠে। যা নিয়ে রাজ্যকে চিঠিও পাঠায় কেন্দ্র। অভিযোগ যে একেবারে অসত্য নয় তা ইঙ্গিতে বুঝিয়ে দেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
প্রসঙ্গত, এর আগে ইদে লকডাউন শিথিল না করার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিল পশ্চিমবঙ্গের ইমামদের সংগঠন।





