বিজেপিকর্মীর বাড়িতে হামলা তৃণমূলকর্মীদের, বৃদ্ধা মাকে খুনের হুমকি

বঙ্গে নির্বাচন আসন্ন, আর এরই মধ্যে অনেক জায়গায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক উত্তেজনা। যদিও রাজ্যে রাজনৈতিক উত্তেজনা সারাবছরই চলতে থাকে, তবে ভোট আসলে তা চরম পর্যায়ে পৌঁছে যায়। শনিবার ভোররাতে বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তাঁর বৃদ্ধা মাকে বেপরোয়া মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তিন জন তৃণমূলকর্মী মিলে উত্তর দমদম পুরসভার ৬ নং ওয়ার্ডের নিমতা পাটনা স্কুল রোডে বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে হামলা চালায়।

তার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়, মা শুভাদেবী বাধা দিতে এলে তাঁকেও মারধর করা হয়। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় মোতায়ন করা হয়েছে পুলিশও। ওই ঘটনার খবর পেয়ে বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তাঁর মা শুভাদেবীকে হাসপাতালে নিয়ে যায় নিমতা থানার পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত ওই তিনজন তৃণমূলকর্মীর বিরুদ্ধে নিমতা থানায় এফআইআর দায়ের করেছেন গোপাল বাবু।

ঘটনায় আতঙ্কিত ওই বৃদ্ধা বলছেন, “আমার ছেলেকে ধরে তৃণমূলের লোকজন মারধর করেছে। আমাকে ঘাড়ধাক্কা দিয়েছে। আমাকে খুব মেরেছে। আমার এই অবস্থা তা সত্ত্বেও আমাকে ছাড়েনি ওরা। আমাকে মেরে বলে গিয়েছে যাতে এ ব্যাপারে কাউকে না বলি। খুনের হুমকি দিয়েছে আমায়।”

RELATED Articles